পঞ্চগড়

পঞ্চগড়ে হ্যান্ডকাপ সহ চার আসামি ছিনতাই

মাহমুদ দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বিত টাস্কফোর্স অভিযান ও ভ্রাম্যমাণ আদালত থেকে ৪ আসামিকে হ্যান্ডকাপসহ ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। যদিও পরে আবার তাদের গ্রেফতার করা হয়েছে।

গত বৃহস্পতিবার রাতে এ ঘটনায় পঞ্চগড় সদর থানায় মামলা হয়েছে। মামলায় ৪ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ২০/২৫ জনকে আসামি করা হয়। ঘটনায় ৪ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য আহত হয়েছে বলেও এজাহারে উল্লেখ করা হয়। শুক্রবার আসামিদের আদালতে সোপর্দ করা হলে পরে তাদেন জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মামলার নামীয় আসামিরা হলেন জেলা শহরের রাজনগর এলাকার জয়নাল (৪২), একই এলাকার শাহেন শাহ (৩৬), পুরাতন ক্যাম্প এলাকার হাসিবুর রহমান (২৫) এবং একই এলাকার দিপু ইসলাম (৩৭)। দিপু পঞ্চগড় পৌর যুবদলের সাবেক সদস্য সচিব।

মামলার এজাহারে বলা হয়, গত বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ হাসানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পুলিশ ও ব্যাটালিয়ন আনসারসহ টাস্কফোর্স অভিযান চালানো হয়। এ সময় জেলা শহরের হাজী মার্কেটের একটি পরিত্যক্ত দোকানে মাদক সেবনরত অবস্থায় ঐ ৪ জন’কে আটক করা হয়। তাদের কাছে এক পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, অর্ধেক পিস ইয়াবাসহ কিছু মাদকসেবন সামগ্রী পাওয়া যায়। পরে তাদের শের-ই-বাংলা পার্কে নিয়ে এসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে আসামিদের গাড়িতে তোলা হলে ২০/২৫ জন লোক তাদের হ্যান্ডকাপসহ ছিনিয়ে নিয়ে যায়। এসময় অনেক খোঁজাখুঁজির পরে তাদের ট্রাফিক পুলিশ বক্সের কাছ থেকে আবারও গ্রেফতার করা হয়।
এবং হ্যান্ডকাপ দুটি কাটা অবস্থায় পাওয়া যায়।

রাতে তাদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেয়া ও আসামিদের ছিনিয়ে নিয়ে যাওয়ার অভিযোগে তাদের নামে পঞ্চগড় সদর থানায় মামলা করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শফিকুল ইসলাম। অভিযানে ইট পাটকেল ছোড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গাড়ির কাঁচ ভেঙে গেছে বলেও এজাহারে দাবি করা হয়েছে।

সিপাহী ফাহিমুর রহমান, মোসাদ্দেক আলী, তরিকুল ইসলাম ও ব্যাটালিয়ন আনসারের নায়েব সুবেদার জালাল উদ্দিন আহত হয়েছেন বলেও দাবি করা হয়।

এ বিষয়ে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম গণমাধ্যম কর্মীদের বলেন, এ ঘটনায় পঞ্চগড় সদর থানায় মামলা হয়েছে। সাথে গ্রেফতার ৪ জনকে আদালতে সোপর্দ করা হয়েছে।
পঞ্চগড় পুলিশ সুপার আবু সাইম বলেন, আমরা পঞ্চগড়ের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করে যাচ্ছি। বৃহস্পতিবারের ঘটনায় কাউকে ছাড় দেয়া হবে না। যারাই অপরাধের সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এই বিভাগের আরও সংবাদ