আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চুক্তির বিরুদ্ধে তেহরানে বিক্ষোভ

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সম্ভাব্য সমঝোতা চুক্তির বিরোধিতা করে রাজধানী তেহরান ও মাশহাদে বিক্ষোভ করেছেন দেশটির কট্টরপন্থি সমর্থকরা। বিক্ষোভকারীরা পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফকে লক্ষ্য করে স্লোগান দেন।

কাতারভিত্তিক আরবি সংবাদপত্র আল আরব আল জাদিদের এক প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের একটি কেন্দ্রীয় চত্বরে জড়ো হওয়া বিক্ষোভকারীরা আরাগচির পদত্যাগ দাবি করেন। বিক্ষোভে অংশগ্রহণকারীরা স্লোগান দেন, আরাগচি, লজ্জা করো, দেশ ছেড়ে চলে যাও। এছাড়া গালিবাফকে উদ্দেশ করে আরও বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

একই সময়ে পূর্বাঞ্চলীয় শহর মাশহাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি কার্যালয়ের সামনেও পৃথক বিক্ষোভ অনুষ্ঠিত হয়। সেখানে অংশগ্রহণকারীরাও সম্ভাব্য চুক্তির বিরোধিতা করে আরাগচির বিরুদ্ধে স্লোগান দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন তথ্য অনুযায়ী, কিছু এলাকায় চুক্তির সমর্থক ও বিরোধীদের মধ্যে উত্তেজনাও দেখা গেছে।

প্রতিবেদনে বলা হয়, প্রকাশ্যে চুক্তির বিরোধিতা করা অধিকাংশ রাজনীতিক ও কর্মী ইরানের রক্ষণশীল শিবিরের সঙ্গে সংশ্লিষ্ট। বিশেষ করে জাতীয় নিরাপত্তা পরিষদের সাবেক সচিব সায়ীদ জালিলির ঘনিষ্ঠ মহল থেকে আপত্তির সুর বেশি শোনা যাচ্ছে।

এদিকে ইরানের কট্টরপন্থি দৈনিক কায়হানের সম্পাদক হোসেইন শরিয়তমাদারি ও সম্ভাব্য চুক্তির সমালোচনা করেছেন। এক সম্পাদকীয়তে তিনি প্রশ্ন তোলেন, যুদ্ধকালীন সময়ে ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত হাতিয়ার হিসেবে বিবেচিত হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ শিথিল করা কতটা যৌক্তিক।

তার দাবি, ইরানের ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ আদায় এখনও একটি গুরুত্বপূর্ণ জাতীয় দাবি। কিন্তু সম্ভাব্য সমঝোতার আওতায় হরমুজ প্রণালি খুলে দেওয়া হলে সেই দাবি আদায়ে তেহরানের চাপ প্রয়োগের সক্ষমতা কমে যেতে পারে।

ইরানের বিপ্লবী গার্ডের ঘনিষ্ঠ বলে পরিচিত সংবাদ সংস্থা ফারস নিউজ এজেন্সিও বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছে। সংস্থাটি বলেছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার নির্দিষ্ট দিনে সমঝোতা স্মারক স্বাক্ষরের কথা বললেও ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, আলোচনার বিভিন্ন বিষয় এখনো চূড়ান্ত হয়নি।

ফার্সের বিশ্লেষণে বলা হয়, ওই দিনটি ট্রাম্পের জন্মদিন হওয়ায় তিনি সম্ভবত এটিকে প্রতীকী ও রাজনৈতিকভাবে লাভজনক একটি ঘটনা হিসেবে উপস্থাপন করতে চেয়েছিলেন।

তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা হলেও তা কেবল ভবিষ্যৎ আলোচনার একটি কাঠামো হবে, দুই দেশের মধ্যে চূড়ান্ত চুক্তি নয়।

সূত্র : দ্য জেরুজালেম পোস্ট

এই বিভাগের আরও সংবাদ