উচ্চ আদালতে আপিল করবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল রানার পরিবার


ছেলের জন্য প্রাণ ভিক্ষা চেয়ে উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন আলোচিত শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল রানার বাবা জাকির হোসেন ও মা শাহনাজ বেগম।
আজ রোববার রায় ঘোষণার পর সোহেল রানার গ্রামের বাড়ি নাটোরের সিংড়ার মহেশচন্দ্রপুরে গণমাধ্যম কর্মীদের এ কথা জানান তারা।
সোহেল রানার পিতা জাকির হোসেন বলেন, ‘আমার ছেলে বাড়িতে থাকে না। কিছুদিন আগে হঠাৎ করে জানতে পারি ঢাকায় সে এক শিশুকে হত্যা করেছে। ওই ঘটনায় তার ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। আমরা তার জন্য জীবন ভিক্ষা চাই। সরকার চাইলেই আমার ছেলের জীবন ভিক্ষা দিতে পারে। আমরা এ নিয়ে উচ্চ আদালতে আপিল করব। কিন্তু আপিল করার মতো আর্থিক অবস্থা আমাদের নেই।’
উল্লেখ্য, দেশজুড়ে আলোচিত শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলায় আজ রোববার দুপুরে সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড প্রদান করেন আদালত।



