মেঘনার গ্রাস থেকে হিজলা গৌরবদী ইউনিয়ন রক্ষার দাবিতে বিশাল মানববন্ধন


স্টাফ রিপোর্টার, বরিশাল : ২ জুন, ২০২৬,বরিশাল জেলার হিজলা উপজেলার মেঘনা নদীর আগ্রাসী ভাঙন থেকে গৌরবদী ইউনিয়ন রক্ষা এবং স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবিতে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২ জুন) বেলা ১১টায় হিজলা গৌরবদী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও সর্বস্তরের সাধারণ জনগণের ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিতে থাকা হাজারো মানুষ ব্যানার-ফেস্টুন হাতে অংশ নেন। এ সময় বক্তারা মেঘনার তীব্র ভাঙনে ফসলি জমি, বসতভিটা ও ঐতিহ্যবাহী এলাকা বিলীনের চিত্র তুলে ধরে তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, এলাকায় নিয়মনীতির তোয়াক্কা না করে গড়ে ওঠা অবৈধ বালুমহাল থেকে নির্বিচারে বালু উত্তোলন এবং অবৈধ ইটভাটার কার্যক্রমের কারণেই নদী ভাঙন আরও ভয়াবহ রূপ নিয়েছে। তারা স্পষ্ট ভাষায় বলেন, এসব অবৈধ বালুমহাল ও ইটভাটা অবিলম্বে বন্ধ করা না হলে, কোনোভাবেই এই তীব্র নদী ভাঙন রোধ করা সম্ভব নয়। প্রশাসনকে দ্রুত এই চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। মানববন্ধনে বক্তব্য রাখেন আলতাফ হোসেন খোকন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, হিজলা উপজেলা বিএনপি। আফসার উদ্দিন হাওলাদার, সাবেক চেয়ারম্যান, মেমানিয়া ইউনিয়ন। সোলায়মান হোসেন জমাদ্দার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, হিজলা গৌরবদী ইউনিয়ন। মোহাম্মদ বেলাল হোসেন জমাদ্দার হিজলা উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক, দেওয়ান সালাউদ্দিন রিমন, যুবদল নেতা প্রমুখ
বক্তারা বলেন, প্রতি বছর নদী ভাঙনের ফলে হিজলা গৌরবদী ইউনিয়নের মানচিত্র ছোট হয়ে আসছে। হাজার হাজার মানুষ সর্বস্ব হারিয়ে গৃহহীন হয়ে পড়ছে। অস্থায়ী কোনো ব্যবস্থা না করে, নদী তীরবর্তী এই অঞ্চলকে স্থায়ীভাবে রক্ষা করতে হলে অবিলম্বে টেকসই ও স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করতে হবে।
উপকূলীয় এই অঞ্চলের অবহেলিত ও অসহায় মানুষের বসতভিটা এবং শেষ সম্বল ফসলি জমি রক্ষার্থে বক্তারা বর্তমান সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। তারা এই দুর্যোগ থেকে স্থায়ী মুক্তির জন্য মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং মাননীয় নৌ ও সেতু প্রতিমন্ত্রী রাজিব আহসানের সুদৃষ্টি ও দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান।
মানববন্ধন শেষে এলাকাবাসী ভাঙন রোধে দ্রুত সরকারি পদক্ষেপ বাস্তবায়নের দাবিতে একটি বিক্ষোভ মিছিল প্রদর্শন করেন।,



