শ্রদ্ধা-ভালোবাসায় তোফায়েল আহমেদ কে শেষ বিদায় জানালেন ভোলাবাসী

ইয়ামিন হোসেন: ভোলার দুটি আসনের সাবেক ৯ বারের এমপি ও মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ (৮২) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
মঙ্গলবার (২জুন) বিকাল সাড়ে ৩টায় তৃতীয় জানাজা শেষে ভোলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে বাবা-মায়ের পাশে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। দাফনের আগে প্রশাসনের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। এ সময় তোফায়েল আহমেদ এর একমাত্র জামাতা ও স্বজনরা উপস্থিত ছিলেন।
এর আগে দুপুর সোয়া ২টায় ভোলা সরকারী স্কুল মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। হাজারো মানুষের অংশগ্রহণে জানাজার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তায় জাতীয় পতাকায় মোড়া মরদেহবাহী গাড়িতে করে তোফায়েল আহমেদ এর বাড়িতে মরদেহ নেওয়া হয়
সোমবার সন্ধ্যায় ধানমন্ডি তাকওয়া মসজিদের সামনে হয় তার প্রথম জানাজা। জানাজায় হাজারও মুসল্লি অংশ নেন সেখানে।
ভোলা সরকারী স্কুল মাঠের জানাজায় অংশ নেন ভোলা জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর, সদস্য সচিব রাইসুল আলম, আওয়ামীলীগ নেতা মোঃ ইউনুছ, শাহ আলী নেওয়াজ পলাশ, মোস্তাক আহমেদ শাহীনসহ বিভিন্ন রাজনৈতিক, প্রশাসন, মুক্তিযোদ্ধা ও শ্রেণীপেশার মানুষ।
জানাজার নামাজ শেষে মরদেহ বের করার সময় কিছু মুসল্লি ‘জয় বাংলা’ নয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাঃ জিকিরের সাথে মরদেহবাহী গাড়ির সঙ্গে সঙ্গে বের হয়ে যান। তবে কোনও বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি।
এর আগে সোমবার বিকাল সাড়ে ৩টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।



