ব্রাহ্মণবাড়িয়া

সরাইলে ‘বনলতা এক্সপ্রেস’ চলচ্চিত্রের প্রদর্শনী বন্ধের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ‘বনলতা এক্সপ্রেস’ চলচ্চিত্রের প্রদর্শনী বন্ধের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ জুন) বিকেল ৪টার দিকে উপজেলার শাহবাজপুর প্রথম গেইট এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে ‘সরাইল সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগর আংশিক) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

এছাড়া সরাইল উপজেলা উদীচীর সভাপতি মুজাম্মেল হক, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, চলচ্চিত্রপ্রেমী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

বক্তারা বলেন, সাংস্কৃতিক কর্মকাণ্ডে প্রতিবন্ধকতা সৃষ্টি না করে বরং এগুলোকে উৎসাহিত করা প্রয়োজন। তারা মুক্ত সাংস্কৃতিক চর্চার পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, “বাংলাদেশের সংস্কৃতির রাজধানী হিসেবে পরিচিত ব্রাহ্মণবাড়িয়ায় ২০২১ সালে সুর সম্রাট আলাউদ্দিন খাঁ সংগীতাঙ্গন আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল। এ জেলায় বর্তমানে কোনো সিনেমা হল নেই। সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোও নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছে। যারা বাংলাদেশকে একটি মৌলবাদী রাষ্ট্র হিসেবে বিশ্বের কাছে উপস্থাপন করতে চায়, তারাই এসব ঘটনার পেছনে রয়েছে।”

তিনি আরও বলেন, “‘বনলতা এক্সপ্রেস’ একটি পারিবারিক চলচ্চিত্র। যে রাষ্ট্র শিশু ও নারী নির্যাতন প্রতিরোধ কিংবা দুর্নীতি রোধে কার্যকর ভূমিকা রাখতে হিমশিম খায়, সেই রাষ্ট্রে একটি চলচ্চিত্র প্রদর্শনী বন্ধ করে দেওয়ার ঘটনা প্রশ্নের জন্ম দেয়।”

উল্লেখ্য, গত শনিবার (৩০ মে) রাতে কসবা উপজেলার তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ‘বনলতা এক্সপ্রেস’ চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। তবে প্রদর্শনী শুরুর আগমুহূর্তে প্রশাসন ও পুলিশ অনুষ্ঠানটি বন্ধ করে দেয় বলে অভিযোগ করেন আয়োজক আদিব রেজা রঙ্গণ। তিনি তালতলা গ্রামের বাসিন্দা এবং ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এর শিক্ষার্থী।

এছাড়া একই দিন বিকেলে ব্রাহ্মণবাড়িয়া শহরের অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ে চলচ্চিত্রটির আরেকটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। তবে কওমি মাদরাসার কিছু শিক্ষার্থীর বিরোধিতার মুখে আয়োজক সংগঠন ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি অনুষ্ঠানটি স্থগিত করে বলে জানা যায়।

এই বিভাগের আরও সংবাদ