মালয়েশিয়ায় প্রবাসীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলা চ্যাম্পিয়ন ট্রফি


মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের অন্যতম বৃহৎ ক্রিকেট আসর ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নশীপ ট্রফি ২০২৬ সিজন ৩-এর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। স্থানীয় সময় শুক্রবার কুয়ালালামপুরের ইয়াহালা রেস্টুরেন্টের হল রুমে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে টুর্নামেন্ট সংশ্লিষ্ট সব তথ্য প্রকাশ করেন আয়োজক কমিটি।
এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাকাডেমির চেয়ারম্যান মো. জসিম উদ্দিন, টুর্নামেন্ট আয়োজন কমিটির কনভেনর মো. সাইফুদ্দিন, অংশগ্রহণকারী সব দলের দলনেতাগণ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. সালাহউদ্দিন।
আয়োজকরা জানান, প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ক্রিকেটের জনপ্রিয়তা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করার লক্ষ্যেই এই টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে। এবারের আসরে অংশগ্রহণ করবে মোট ১২টি জেলা দল। দলগুলোকে ৪টি গ্রুপে ভাগ করা হয়েছে এবং প্রতি গ্রুপে থাকবে ৩টি করে দল।
টুর্নামেন্টের গ্রুপ পর্ব আগামী ৩১ মে অনুষ্ঠিত হবে এবং সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ১ জুন। খেলাগুলো একযোগে পুত্রাজায়া ও পুচং এর প্লে গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে। প্রতিটি মাঠে দুইটি করে গ্রুপের খেলা আয়োজন করা হবে।
আয়োজক কমিটি জানায়, প্রতিটি দলকে টসের পর মূল একাদশের পাশাপাশি ৩ জন সাবস্টিটিউট খেলোয়াড়ের তালিকা জমা দিতে হবে।
টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য প্রতিটি দলের এন্ট্রি ফি নির্ধারণ করা হয়েছে ১২শ রিঙ্গিত। টুর্নামেন্ট-এ চ্যাম্পিয়ন দল পাবে নগদ ৫ হাজার রিঙ্গিত এবং দৃষ্টিনন্দন ট্রফি। রানার্স-আপ দল পাবে নগদ ৩ হাজার রিঙ্গিত ও দৃষ্টিনন্দন ট্রফি।
এছাড়াও প্রতিটি দলের জন্য ১৫টি প্রিমিয়াম কোয়ালিটির জার্সি প্রদান করা হবে বলেও জানান আয়োজকগণ। প্রতিটি ম্যাচের সেরা খেলোয়াড়কে “ম্যান অব দ্য ম্যাচ” ট্রফি দেওয়া হবে।
টুর্নামেন্টের ব্যক্তিগত অর্জন ক্যাটাগরিতে সেরা ব্যাটার পাবেন একটি প্রফেশনাল ক্রিকেট ব্যাট ও নগদ ১শ রিঙ্গিত, সেরা বোলার পাবেন হাই-পারফরম্যান্স স্পাইক জুতো ও নগদ ১শ রিঙ্গিত এবং সেরা উইকেটকিপার পাবেন প্রফেশনাল কিপিং গ্লাভস ও নগদ ১শ রিঙ্গিত পুরস্কার।
উল্লেখ্য, সংবাদ সম্মেলনে সব দলের ক্যাপটেনদের উপস্থিতিতে লটারির মাধ্যমে গ্রুপ নির্ধারণ করা হয়।



