মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বৃষ্টিস্নাত সকালে দক্ষিণের নিবিঘ্ন ঈদ যাত্রা


মুন্সীগঞ্জ প্রতিনিধি: বৃষ্টিস্নাত স্নিগ্ধ সকালে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতু হয়ে নিবিঘ্নে দক্ষিণবঙ্গের ২১ জেলার ঘরমুখো মানুষ নিজ নিজ গন্তব্যে ছুটছেন।
দক্ষিণবঙ্গের প্রবেশপথ হিসেবে খ্যাত ওই মহাসড়কটিতে ঈদ যাত্রাকে কেন্দ্র করে যানবাহনের চাপ স্বাভাবিক সময়ের চেয়ে কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবে অতিরিক্ত চাপ থাকলেও দ্রুত সময়ের মধ্যেই যান পারাপার হচ্ছে পদ্মা সেতু হয়ে।
প্রসস্থ ও আধুনিক এই মহাসড়কে কোথাও কোন দুর্ভোগ বা বিড়ম্বনা নেই। এতে বরাবরের মতোই স্বস্তিতে গন্তব্যে যাচ্ছে দক্ষিণের যাত্রীরা।
বরাবরের মতো এবারের ঈদ যাত্রায় এক্সপ্রেসওয়েতে দূরপাল্লার গণপরিবহণের পাশাপাশি ব্যক্তিগত ছোট যান ও মোটরসাইকেলের আধিক্য দেখা গেছে।
পদ্মা সেতুতে পারাপার দ্রুত ও নিবিঘ্ন করতে ইটিসি বুথসহ ৮টি বুথে নিরবচ্ছিন্ন টোল আদায় করা হচ্ছে। এছাড়া মোটরসাইকেল দ্রুত পারাপারের জন্য আলাদা দুটি অতিরিক্ত লেন সংযুক্ত করা হয়েছে।
জেলা পুলিশের সার্জেন্ট জিয়াউর রহমান জানান মহাসড়ক ও টোল প্লাজা কোন যানজট নেই। অন্যান দিনের তুলনায় আজ যানবাহনের সংখ্যা অনেক কম। নির্বিঘ্নে পদ্মা সেতু পাড়ি দিতে পারছে যানবাহন।



