মুন্সিগঞ্জ

মুন্সীগঞ্জে বিএনপি নেতার দখলে ইছামতী খাল, প্রকাশ্যে চলছে স্থাপনা নির্মাণ

আবু সাঈদ দেওয়ান সৌরভ: সরকার খাল উদ্ধার ও খননে ব্যস্ত সময় পার করছে। আর মুন্সীগঞ্জের মিরকাদীমে বিএনপি নেতার চলছে ইছামতী খাল দখলের মহা উৎসব।

দিনের আলোয় জনসম্মুখে দখল হচ্ছে এক সময়ের স্রোতবাহী কমলাঘাটের তিলার্দী চর সংলগ্ন ইছামতী খাল। নদীর প্রায় ৭০ শতাংশ দখল করে দুইটি স্থান দখল করে নির্মাণ হচ্ছে স্থায়ী স্থাপনা। মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদীম পৌরসভার কমলাঘাট এলাকায় তিলার্দী চরের তালুকদার মিলের সামনে খাল দখলের এ ঘটনা ঘটছে।

জানা যায়, মিরকাদীম পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান মিজানের নদীটির প্রায় দুইটি স্থানের প্রায় ১১০ শতক জায়গা দখল করে নদীর দুইটি স্থানে আরসি ঢালাই দিয়ে খালটির মাঝে স্থায়ী স্থাপনা তৈরি করছেন। অথচ, কয়েক বছর পূর্বেও এ খালে চলত বড় বড় বানিজ্যিক মালবাহী নৌকা। এক যুগ আগে চলত যাত্রীবাহী লঞ্চ। কিন্তু কালের বিবর্তনে খাল চারপাশে দখলে এখন অস্তিত্ব বিলীনের পথে। অথচ প্রায় দুই মাস যাবৎ দিনের আলোয় খালের মাঝে দেয়াল নির্মাণ ও ঢালায়ের কাজ চলছে। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হচ্ছে রিকাবী বাজার ভূমি অফিসের কর্মকর্তা ও মিরকাদীম পৌরসভার কর্মচারী-কর্মকর্তারা এ মাসে আগেও দখলের জায়াটি পরিদর্শন করে গিয়েও কোন প্রকার ব্যবস্থা নেননি। শ্রমিকদের সাথে কথা বলে কন্টাক্টর আসাদের ও ফোরম্যান শাহিনের তত্বাবধানে কাজ করছেন বলে জানা যায়।

স্থানীয়দের অভিযোগ করে বলেন দীর্ঘ দুই মাসেও কি প্রশাসনের চোখে পড়েনি। স্থানীয়রা আরো অভিযোগ করেন যে, স্থানীয় নাসির ভান্ডারী নামে একজনকে লোকের মাধ্যমে বিএনপি নেতা মিজানুর রহমান খালের জায়গাটি দখল করছেন। দখলবাজরা প্রশাসনকে ম্যানেজ করেই এ কাজ চালাচ্ছেন। স্থানীয়দের অভিযোগ রয়েছে প্রশাসন ও বিএনপি নেতা মিজানুর রহমান মিজান উভয়ই মিলেমিশে এ দখল কাজ চালাচ্ছেন বলে অভিযোগ রয়েছে।

স্থানীয়রা আরও বলেন, দশ বছর আগেও এখালে লঞ্চ চলতো। বড় বড় মালবাহী নৌকা চলত,অথচ খালটি দখলের কারণে এখন ঠিকমতো পানিও আসে না। খালটি বিভিন্ন ভাবে দখল হয়ে যাচ্ছে। দিনের বেলায় প্রকাশ্যে দখলের কাজ চললেও কেউ কিছু বলছে না। গত মাসের ২৩ শে এপ্রিল রিকাবী বাজার ভূমি অফিস কর্মকর্তা ও মিরকাদীম পৌরসভার লোকজন দেখে গেছে কিন্তু কোন পদক্ষেপ নেয়নি।

সোমবার সকালে সরজমিনে গিয়ে দেখা যায়, খালের মাঝে জেগে উঠা জায়গার উপরে প্রায় ১০ জন শ্রমিক দেয়াল নির্মাণ ও ঢালাইয়ের কাজ করছেন। তাদের সাথে কথা বলে জানা যায় প্রায় দুই মাস যাবৎ খালের মাঝে কাজ চলছে। শ্রমিকদের সাথে কাজের বিষয়ে কথা বললে, তারা মালিকের নাম বলতে চাননি। তাহলে বেতন কিভাবে পান জিজ্ঞেস করলে আসাদ নামে একজন সুপারভাইজারের কথা উল্লেখ করেন। শ্রমিকদের কাছে মালিকের কোন মোবাইল নাম্বার দিতে অস্বীকৃতি জানায়। শ্রমিকদের সাথে কথা বলার মাইনউদ্দিন মানিক চাঁন নামে একজন লোক উপস্থিত হয়ে নিজেকে তত্বাবধাক হিসাবে দাবী করেন।

স্থানীয় একজন বাসিন্দা বলেন, তারা তো গুন্ডা নদী দখলের বিষয়ে কথা বললে মেরে ফেলবে। এজন্যই কেউ কথা বলে না।

শ্রমিকরা বলেন, আমরা শ্রমিক মানুষ, এখানে কাজ করি টাকা পাই। কে কাজ করে, কিভাবে কাজ করে সেটা আমরা জানি না। মালিক কে সেটাও জানি না। আমরা আসাদ কন্টাক্টরের অধীনে শাহিন ফোরম্যানের আওতায় কাজ করে।

স্থাপনা কাজে সহয়তাকারী মাইনউদ্দিন ওরফে চাঁন মিয়া বলেন, এখানে কাজ করছে বিএনপি নেতা মিজানুর রহমান ভাই। এটা মিজান সাহেবের বাবার সম্পত্তি। ভাই গরুর খামার করতাছে। নদীর দুই পাশে খাল ছিলো। খালের মাঝখানে কিভাবে ব্যক্তিগত সম্পত্তি এলো এ বিষয়ে কোন সদুত্তর দিতে পারেনি।

এ বিষয়ে বিএনপি নেতা মিজানুর রহমান জানান, এটা আমার পৈতৃক সম্পত্তি। আমি সার্ভেয়ার এনে মেপে বুঝে কাজ করছি। সকল কাগজপত্র আমার কাছে আছে।

এ বিষয়ে রিকাবী বাজার ভূমি কর্মকর্তা অফিসে গিয়ে তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো: মাসুদুর রহমান জানান, এ বিষয়ে আমরা একটা অভিযোগ পেয়েছি। তদন্তের সম্পূর্ণ হওয়ার আগ পর্যন্ত কাজ বন্ধ রাখতে বলা হয়েছে। যেহেতু তারা কাজ চালিয়ে যাচ্ছে। আমরা আবার সরেজমিনে লোক পাঠিয়ে যাচাই করে ব্যবস্থা নিচ্ছি।

স্থানীয়দের প্রত্যাশা প্রশাসন অতি দ্রুত ঐতিহ্যবাহী ইছামতী খাল দখল মুক্ত করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এই বিভাগের আরও সংবাদ