কুষ্টিয়ার শিলাইদহে কবিগুরুর ১৬৫তম জন্মবার্ষিকীর অনুষ্ঠান সম্পন্ন


কুষ্টিয়া প্রতিনিধি: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী গত ২৫বৈশাখ ৮মে শিলাইদহে তিনদিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রবিবার (১০ মে) অনুষ্ঠানের শেষ দিনে বিকেল ৪টার দিকে কুঠিবাড়ি প্রাঙ্গনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা বিভাগীয় অতিরিক্ত কমিশনার (সার্বিক) আবু সায়েদ মোঃ মনজুর আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ তৌহিদ বিন-হাসান। বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার। স্মারক বক্তা ছিলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের চেয়ারম্যান ড. মোঃ মঞ্জুর রহমান। স্বাগত বক্তা ছিলেন, কুমারখালি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতার। এছাড়া জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, স্থানীয় প্রশাসন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাহিত্যপ্রেমী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের আয়োজনে ও কুষ্টিয়া জেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় জেলার কুমারখালি উপজেলার শিলাইদহ কুঠিবাড়ি প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্যে আবু সায়েদ মনজুর আলম বলেন, রবীন্দ্রনাথের দেওয়া যে ফুলের নাম, সেই নামগুলো দিয়ে একটি বাগান তৈরি করতে হবে, যাতে করে বাগানে গেলে রবীন্দ্রনাথ ঠাকুরকে হৃদয়ে অনুভব করতে পারি। রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা বিভিন্নভাবে মূল্যায়িত করেছি৷ রবীন্দ্রনাথের মূল্যায়ন করার যে সীমাবদ্ধতা, সেটা আমাদের কথা দিয়ে অতিক্রম করার চেষ্টা করেছি৷ তিনি বিশ্বকবি। তার একটা স্থান আছে। বিশ্বকবির যে আবেদন সেগুলো এখন দরকার। তিনি যে রচনা করেছেন সেখান থেকে অনেকে শিক্ষা নিয়েছেন। ১৬৪তম জন্মবার্ষিকী গিয়েছে, আবার ১৬৫তম জন্মবার্ষিকী এসেছে, আমরা প্রতিবছর যে অনুষ্ঠান করি এতে কি আমাদের কোন পরিবর্তন এসেছে? আমাদের মানবতার যে সৃষ্টিশীলতার তিনি আহব্বান করেছেন সেটা কি আমরা পরিবর্তন করতে পারিনি। তার কথাগুলো আমাদের হৃদয়ে ধারন করতে হবে এবং নতুন প্রজন্মকে আমাদের কাজের মাধ্যমে শিক্ষা দিতে হবে।
জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ বলেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যে অনেক গুণাবলি ছিলো। উনি দার্শনিক, গবেষক। মৃত্যুটাকে উনি উপলব্ধি করে বলেছেন, জীবনের থেকে যখন মৃত্যু আসে, জীবন থেকে হেটে যাওয়া এটাই মৃত্যু। একটা দার্শনিক চিন্তাভাবনা না থাকলে এই উপলব্ধি আসতো না। জীবন যে থেমে যাওয়া, হারিয়ে যাওয়া, সেই যে শূন্যতা, এই শূন্যতাই আমাদেরকে স্মরণ করিয়ে দেয়, যেখানে কোন কিছু ছিলো, এখন নেই। ভবিষ্যৎ নিয়ে আমাদের উপলব্ধি করার সুযোগ সৃষ্টি করে। তার এই উক্তির মাধ্যমে উনি যে দার্শনিক সেটা আমরা অবলীলায় বলতে পারি। তবে গবেষণা না থাকলে এ ধরনের কথা বলা যায় না। আমরা অনেক ক্ষেত্রে ভূল করি। উনার গবেষণার ফল হচ্ছে, ভূল মানুষের জীবনে অন্যতম একটা মহত্ত্ব। যে লোক ভূল করে না সে আসলে নতুন কিছু করার চিন্তাই করে না। এই কারনেই তার কোনদিন ভূল হয়নি। উনি বলেছেন ভূল করার সেই উপলব্ধি ধারন করে জীবনের কোন এক ফাকে সঠিক পথে পৌছাতে পারবো। উনার সাহিত্যের মাধ্যমে উনি যে ধারনা ছড়িয়ে দিলেন, এতে আমরা বলতে পারি তিনি একজন ভালো গবেষক ছিলেন।
জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর বাংলার কবি। উনি বাংলাকে এবং বাঙালিকে বিশ্বের এক অনন্য উচ্চ স্থানে পৌছিয়েছেন। ১৯১৩ সালে রবীন্দ্রনাথ ঠাকুর সর্বপ্রথম নোবেল পেয়েছিলেন। এই মহান কবি ১৮৬১ সালে ২৫ বৈশাখ জন্মগ্রহণ করেন। উনি সবসময় প্রজাদের কিভাবে ভালো করা যায়, কিভাবে ভালো রাখা যায়, উনি সেই চিন্তা করতেন। আমরা সাধারণত উনাকে কবি হিসেবে জানি। কিন্তু উনার মধ্যে সকল গুণাবলি ছিলো। পৃথিবীতে এমন মানুষ খুব কমই আছে।
এছাড়া বক্তারা বলেন, রবীন্দ্রনাথের সাহিত্য, দর্শন ও মানবিক চেতনা আজও মানুষের মাঝে প্রেরণা জোগায়। নতুন প্রজন্মের কাছে কবিগুরুর সাহিত্য ও সংস্কৃতি পৌঁছে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও উল্লেখ করেন তারা।
তিনদিনের এই অনুষ্ঠানে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র্্যাবসহ বিভিন্ন ইউনিটির আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তা নিশ্চিত করেন। সফলভাবে অনুষ্ঠান সম্পন্ন হওয়ায় জেলা প্রশাসক তৌহিদ বিন-হাসান সকলকে ধন্যবাদ জানান। সকাল থেকে রাত পর্যন্ত চলে নানা সাংস্কৃতিক আয়োজন। এতে কবিতা আবৃত্তি, রবীন্দ্র সঙ্গীত, নৃত্যনাট্য, নাটক এবং প্রবন্ধ আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্থান থেকে আগত শিল্পীরা রবীন্দ্রসংগীত পরিবেশন করেন। দর্শনার্থীদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানস্থল ছিল প্রাণবন্ত। তবে শেষ দিনেও উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়।



