ফেসবুক পোস্টে প্রতিমন্ত্রীকে কটূক্তির অভিযোগে কলেজছাত্র গ্রেফতার


মাহমুদ দোলন ,পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পানিসম্পদ প্রতিমন্ত্রী -কে কটূক্তি করে পোস্ট দেওয়ার অভিযোগে এক কলেজছাত্রকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৪ এপ্রিল) মধ্যরাতে উপজেলার দেবীগঞ্জ সদর ইউনিয়নের হাজিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক শিক্ষার্থী দেবীগঞ্জ সদর ইউনিয়নের হাজিপাড়া এলাকার মো. আশরাফ আলীর ছেলে নিশাত ইসলাম (১৬)। তিনি সোনাহার বিএম কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ জানায়, নিশাত ইসলাম তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের জাতীয় সংসদে দেওয়া একটি বক্তব্য শেয়ার করেন। পোস্টটির ক্যাপশনে তিনি আপত্তিকর মন্তব্য করেন, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে তিনি পোস্টটি মুছে ফেলেন বলেও জানা গেছে।
এ ঘটনায় বিএনপি’র স্থানীয় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে অবহিত করা হলে দেবীগঞ্জ থানার উপপরিদর্শক রাশেদুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে আটক করে।
পরে দেবীগঞ্জ সদর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম বাদী হয়ে নিশাত ইসলামের বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করেন।
নিশাতের পরিবার দাবি করে নিশাতের বর্তমান বয়স ১৬ বছর ৫ মাস চলছে। যদিও এজাহারে বাদী নিশাতের বয়স ২২ বছর বলে উল্লেখ করেছেন বলে জানা যায়।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মালিক জানান, অভিযোগের ভিত্তিতে সাইবার সুরক্ষা আইনে মামলা রুজু করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।



