রাজধানী

রাজধানীর ৫০ থানা এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে কিশোর গ্যাংয়ের সদস্যরা

মনির হোসেন জীবন / শহিদুল ইসলাম সাগর : রাজধানীতে বসবাসরত কয়েক কোটি মানুষের মধ্যে এক আতঙ্কের নাম কিশোর গ্যাং এবং অপরাধ জগতের নতুন আতঙ্ক পেনগান। মূলত নগরীতে অপরাধমূলক যে কোনো কর্মকাণ্ড কিংবা রক্তপাতের ঘটনা সংঘটিত হলে সবার আগে কিশোর গ্যাংয়ের নামটি আসে। রাজধানীর ৫০টি থানা এলাকাসহ সারা দেশজুড়ে ইদানিংকালে দাপিয়ে বেড়াচ্ছে গ্যাং গ্রুপের সদস্যরা।

ব্যস্ততম ঢাকা নগরীসহ দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে আছে কিশোর গ্যাং গ্রুপের প্রায় ২৩৭টি সক্রিয় গ্রুপ এবং এদের সদস্য সংখ্যা প্রায় ৫০ হাজারেরও বেশি। পেশাদার ছিনতাই, চুরি, ডাকাতি, খুন, রাহাজানি, অপহরণ, ধর্ষণ, মব (ভায়োলেন্স) সৃষ্টিসহ রাজধানী ঢাকাসহ সারাদেশে প্রকাশ্যে কিংবা গোপনে দাপিয়ে বেড়াচ্ছে এ সংঘবদ্ধ গ্রুপের সদস্যরা। তার মধ্যে রাজধানীতে সক্রিয় রয়েছে ১১৮টি কিশোর গ্যাং গ্রুপ । এসব গ্রুপ নিয়ন্ত্রণ করে আন্ডারওয়ার্ল্ড সহ সংশ্লিষ্ট এলাকার চিহ্নিত অপরাধী ও সন্ত্রাসীরা।

বাংলাদেশে অপরাধ জগতের নতুন আতঙ্ক ছোট আগ্নেয়াস্ত্র ‘পেন গান’ কিংবা কলম সদৃশ পিস্তল। চরমপন্থি ও মাদক কারবারিদের হাতে পৌঁছে গেছে এই ভয়ানক অস্ত্র “পেন গান”। আকারে দেখতে অনেকটাই ছোট্ট এবং একটি কলমসদৃশ অস্ত্র। এটি অস্ত্রটি বেশি ব্যবহার হয় টার্গেট কিলিং মিশনে। পেন গান সম্পূর্ণরূপে একটি ইউনিক অস্ত্র। সেই কারণে বাংলাদেশে পেন গানের চাহিদা দিনদিন বাড়ছে। ভারত থেকে ঝিনাইদহ, যশোর ও চুয়াডাঙ্গা জেলার সীমান্তবর্তী এলাকা দিয়ে অবৈধ পথে বাংলাদেশে ঢুকছে ক্ষুদ্র মারণাস্ত্র পেন গান। রাজনৈতিক দলের নেতা থেকে শুরু করে নিজ নিজ এলাকা ভিত্তিক চরমপন্থী, মাদককারবারী, তালিকাভুক্ত দাগি অপরাধী, কিশোর গ্যাং গ্রুপ, প্রভাবশালী ব্যক্তি এবং গদফাদারদের হাতে রয়েছে এই ভয়ানক ছোট আগ্নেয়াস্ত্র। খবর আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট একাধিক বিশ্বস্ত তথ্য সূত্রের।

তথ্য অনুসন্ধান ও বিভিন্ন প্রাপ্ত সূত্রে জানা যায়, সংঘবদ্ধ কিশোর গ্যাং প্রতিটি গ্রুপে অন্তত ৬ /৭ থেকে শুরু করে ২০/২৫ জন পর্যন্ত সদস্য রয়েছে। তাদের বয়স ১৫ থেকে ২২ বছর। তারা চাঁদাবাজি, দলবাজি, দখলবাজি, মাদক ব্যবসা, চুরি, ছিনতাই, খুন, ডাকাতি, আধিপত্য বিস্তারসহ নানান অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত। এমনকি অনেক সময় নিজ নিজ এলাকায় ভাড়াটে কিলার হিসেবে জড়িয় পড়ছে। মহড়া কিংবা অপারেশন প্রাক্কালে তাদের হাতে থাকে ধারালো অত্যাধুনিক চাপাতি, চাইনিজ কুড়াল, ককটেল, পেট্রোল বোমা ও দেশীয় অস্ত্র। সেই সঙ্গে বিদেশি পিস্তল, রিভলবার, পেনগানসহ অন্যান্য আগ্নেয়াস্ত্র। এসব গ্রুপ নিয়ন্ত্রণ করে এলাকার চিহ্নিত সন্ত্রাসী, রাজনৈতিক দলের নেতা থেকে শুরু করে এলাকা ভিত্তিক প্রভাবশালী ব্যক্তিরা। এসব গ্যাংয়ের সদস্যরা বিভিন্ন সময় একাধিকবার গ্রেপ্তার হলেও জামিনে বেরিয়ে ফের নতুন করে গ্যাং কালচার কিংবা “মব” কালচারে জড়িত পড়ছে।

বিশ্লেষক ও সংশ্লিষ্টরা বলছে, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন বড় শহরে কিশোররা হত্যা, চাঁদাবাজি, মাদক ও ছিনতাইয়ের মতো জঘন্য অপরাধে জড়িয়ে পড়ছে, যার পেছনে স্থানীয় রাজনীতিক ও প্রভাবশালীদের আশ্রয়-প্রশ্রয় রয়েছে। রাজধানীর পুরান ঢাকা, মিরপুর, লালবাগ, মতিঝিল, মোহাম্মদপুর, রমনা, গুলশান, ও উত্তরা এলাকাবাসী বলছেন, মোহাম্মদপুরসহ নগরীর আটটি বিভাগে এত কিশোর গ্যাং, ছিনতাইকারী আর মাদক থাকা সত্ত্বেও কার্যকর ব্যবস্থা দেখা যাচ্ছে না। তারা চান সাধারণ মানুষ যেন নিরাপদে চলাফেরা করতে পারে।

তথ্যগুলো বলেছে, একাধিকবার গ্রেপ্তার হলেও জামিনে বেরিয়ে কিশোর গ্যাং সদস্যরা আরো বেশি ভয়ংকর হয়ে উঠছে। সংসদীয় ঢাকা -২০ টি আসনে ইদানিংকালে অপরাধমূলক কর্মকাণ্ডের ঘটনা আগের চেয়ে কয়েকগুণ বেড়েছে। একই সাথে ডিএমপির আটটি বিভাগের মধ্যে মোহাম্মদপুর, মতিঝিল, গুলশান, লালবাগ, মিরপুর ও উত্তরায়সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ থানা এলাকাগুলোতে বৃদ্ধি পেয়েছে অপরাধও।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন গোয়েন্দা প্রতিবেদনে উঠে এসেছে এমন ভয়াবহ তথ্য। তার মধ্যে মোহাম্মদপুরেই সক্রিয় ১৬টি কিশোর গ্যাং গ্রুপ। ফলে অপরাধ নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের । গত ১২ এপ্রিল বিকেল ৪টা। রাজধানীর মোহাম্মদপুর বুদ্ধিজীবী রোড বেড়িবাঁধ এলাকায় কিশোর গ্যাং আরমান- শাহরুখ গ্রুপের সদস্যদের মধ্যে সংঘর্ষ হয়।

কিশোর গ্যাং ইমনকে একা পেয়ে তাকে কুপিয়ে গোড়ালি কেটে নেয় আরমান-শাহরুখ গ্রুপের সদস্যরা। হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। ইতিপূর্বে কব্জিকাটা আনোয়ার গ্যাং ছিল মোহাম্মদপুরের আতঙ্ক। এখন নতুন করে যুক্ত হয়েছে গোড়ালি কাটা আরমান-শাহরুখ গ্রুপের নাম। এদের ভয়ে মোহাম্মদপুর ও আদাবরের মানুষ থাকে আতঙ্কে। সম্প্রতি আবারও তাদের অপতৎপরতা সামনে এসেছে। শুধু মোহাম্মদপুর নয়, কিশোর গ্যাং আতঙ্কে মিরপুরবাসীও। বিশেষ করে মিরপুর ১১ ও পল্লবী থানায় সবচেয়ে বেশি কিশোর গ্যাং সক্রিয় রয়েছে। মিরপুর বিভাগের বিভিন্ন থানায় প্রায় ৩২টি কিশোর গ্যাং গ্রুপ সক্রিয় বলে পুলিশি তালিকায় উঠে এসেছে। এর মধ্যে পল্লবী থানা এলাকায় সর্বাধিক ১৪টি গ্রুপ সক্রিয়। গত ১৪ এপ্রিল, ২০২৬ (পহেলা বৈশাখ) রাতে মিরপুর চলন্তিকা মোড়ে কিশোর গ্যাং সজিব ও দীপ্ত-মুন্না গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। সিসিটিভি ফুটেজে সজীবকে চাপাতি ছিনিয়ে নিতে দেখা যায়। পরে দীপ্ত-মানিক গ্রুপের সদস্যরা সজীবকে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।

মিরপুরের পরই তেজগাঁও বিভাগের ছয় থানা এলাকায় ২৬টি কিশোর গ্যাং গ্রুপ সক্রিয়। এর মধ্যে মোহাম্মদপুর থানা এলাকায়ই সর্বাধিক ১৬টি গ্রুপ সক্রিয়। ভুক্তভোগীরা বলেন, বাইরে থেকে আসা কিশোরদের দৌরাত্ম্যে পুরো এলাকার জীবনযাত্রা বিপর্যস্ত। গত এক বছরে এসব গ্যাংয়ের হাতে অন্তত ৪/৫ জন খুন এবং ১৫ -২৫ জনের বেশি গুরুতর আহত হন।

ডিএমপির গোয়েন্দা প্রতিবেদন বলছে, এলেক্স ইমন ও আরমান-শাহরুখ ছাড়াও পাটালি, লেভেল হাই, কব্জিকাটা আনোয়ার, আর্মি আসলাম-নবী, ডাইলা, আকবর, গাঙচিল, টক্কর লওসহ মোট ১৬টি গ্রুপ সক্রিয়। এছাড়া পাটালি গ্রুপ, বেলচা মনির, ঠেলা পার্টি, ডায়মন্ড, ধাক্কা দে, গ্রুপ টুয়েন্টি ফাইভ, মুরগি গ্রুপ, লাল গ্রুপ, টুন্ডা বাবু, লও ঠেলা, কালা রাসেল, ল্যাংড়া হাসান ইত্যাদি। মিরপুর-১০ নম্বর ওয়াপদা বিল্ডিং এলাকার আতঙ্ক কিশোর গ্যাং বাহুবলি গ্রুপ। উত্তরা বিভাগে রয়েছে – উত্তরায় বেশ কিছু সক্রিয় কিশোর গ্যাং রয়েছে গড়ে উঠেছে। উল্লেখযোগ্য গ্যাং গুলোর মধ্যে অন্যতম ডিস্কো বয়েজ, নাইন স্টার, এবং বিগবস (৯ এমএম) গ্রুপ, কাকড়া, জি ইউনিট, ব্ল্যাক রোজ, ফার্স্ট হিটার বস (এফএইচবি), পাওয়ার বয়েজ, পারভেজ গ্রুপ, তালা চাবি গ্রুপ , গাউছ ইসলাম গ্রুপ, সুজন ফাইটার, আর্জেন্ট গ্রুপ, নগদ গ্রুপ, টোকাই গ্রুপ, ইয়াং বাইক গ্রুপ, বাবা গ্রুপ, ফিটিং গ্রুপ, বার গ্রুপ, বাইক গ্রুপ, মব, ধাক্কা পার্টি, হিজড়া গ্রুপ, মিলন গ্রুপ, ক্যাসেল বয়েজ, ও ভাইপার গ্রুপ প্রমুখ। নাইন স্টার গ্রুপ উত্তরা পশ্চিম থানা ও ১২ নম্বর সেক্টর এলাকায় সক্রিয়। ডিস্কো বয়েজ গ্রুপ মূলত উত্তরা ১৩ নম্বর সেক্টর কেন্দ্রিক, বিগবস ও নাইম এমএম গ্রুপ ও এফএইচবি গ্রুপ উত্তরা, উত্তরখান ও দক্ষিণখান এলাকায় সক্রিয়। পারভেজ গ্রুপ তুরাগ থানা এলাকায় সক্রিয়। রুস্তম, গাউছ, ডিব্বা মাসুদ গ্রুপ দক্ষিণখান, আজমপুর, উত্তরখান এলাকায় সক্রিয়। উত্তরার ৭ নম্বর সেক্টরের সেভেন স্টার গ্রুপের নেতৃত্বে রয়েছে। আজমুপরের কাঁচাবাজার এলাকা নিয়ন্ত্রণ করে বিগবস গ্রুপ। হত্যাসহ তাদের বিরুদ্ধে একাধিক মামলা জিডি ও অভিযোগ রয়েছে। উত্তরা- তুরাগের পাকুরিয়া এলাকার নাইন স্টার গ্রপের নেতৃত্বে রয়েছে তালা-চাবি গ্রুপ। ১৪নং সেক্টরের ডিসকো বয়েজ গ্রুপ। আব্দুল্লাহপুর এলাকায় শিকদার গ্রুপের নেতৃত্বে রয়েছে দুইজন। এসব গ্রুপের সদস্যরা মোটরসাইকেলে দ্রুতগতিতে চলাচল, মেয়েদের উত্ত্যক্ত করা, মাদক গ্রহণ ও স্থানীয়ভাবে আধিপত্য বিস্তারে জড়িয়ে থাকে।

পুলিশের তালিকা অনুযায়ী, ডিএমপির রমনা বিভাগে ৬টি, লালবাগ বিভাগে ১০টি, ওয়ারী বিভাগে ১৩টি, মতিঝিল বিভাগে ১০টি, গুলশান বিভাগে ১১টি এবং উত্তরা বিভাগে ১০টি কিশোর গ্যাং গ্রুপ সক্রিয়।
সচেতন মহল ও সংশ্লিষ্টরা বলছে, কিশোর অপরাধ দমনে রাজনৈতিক মদদদাতাদেরও আইনের আওতায় আনা জরুরি।

খোঁজ নিয়ে জানা যায়, মোহাম্মদপুর-আদাবর এলাকায় অর্ধশতাধিক কিশোর গ্যাং গ্রুপ সক্রিয়।
মোহাম্মদপুরে সন্ধ্যা নামলেই বদলে যায় দৃশ্যপট। মোহাম্মদপুর তিন রাস্তার মোড়, রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান, চাঁদ উদ্যান, লাউতলা, নবীনগর হাউজিং, বসিলা চল্লিশ ফিট, কাঁটাসুর, তুরাগ হাউজিং, আক্কাস নগর, ঢাকা উদ্যান নদীর পাড়, চন্দ্রিমা হাউজিং, আদাবর, শেখেরটেক ও মনসুরাবাদ কিংবা রায়েরবাজার- সব জায়গায় একই চিত্র। সন্ধ্যার পর বাইরে বের হওয়া অনেকটা ঝুঁকিপূর্ণ। উঠতি বয়সি কিশোরদের কয়েকটি গ্রুপ প্রকাশ্যেই দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ছিনতাই ও চাঁদাবাজিতে জড়াচ্ছে। দিনদুপুরেও পথরোধ, মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটছে।

পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যান বলছে, বিগত অন্তর্বর্তী সরকারের সময়ে আইনশৃঙ্খলার দুর্বলতার সুযোগে কিশোর গ্যাংয়ের সংখ্যা বেড়ে হয় ২৩৭টি। কোনো কোনো সংস্থার মতে, বর্তমানে এ সংখ্যা তিন শতাধিক। রাজধানীসহ বিভাগীয় শহরে তাদের অপরাধের মাত্রা দিন দিন বাড়ছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন, কিশোর বয়স, রক্ত গরম, বেশিরভাগ সদস্য মাদকাসক্ত। এ কারণে তারা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করতে দ্বিধা করছে না। সম্প্রতি অনেক শীর্ষ সন্ত্রাসী জেল থেকে ছাড়া পেয়ে তাদের ছত্রছায়ায় থেকে তাণ্ডব চালাচ্ছে এসব গ্যাং।

সূত্রে জানা যায়, গত ২১ ফেব্রুয়ারি, ২০২৬ রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে তুরাগ থানার উত্তরা সেন্টার মেট্রোরেল স্টেশনের পূর্ব পাশে ‘উত্তরা সেন্টার ফুড কোর্ট’-এর সামনে পেশাগত দায়িত্ব পালন ও তথ্য সংগ্রহ করতে গিয়ে কিশোর গ্যাং গ্রুপের হাতে হামলার শিকার হন বেসরকারি টিভি চ্যানেল এস’ এর ৪ সাংবাদিকসহ ৫জন। আহত সাংবাদিকরা হলেন, চ্যানেল এস এর স্টাফ রিপোর্টার শাহাদাত হোসেন ইমরান, সিটি রিপোর্টার সীমা প্রধান, রিপোর্টার শান্ত মাহমুদ ও বাংলা টিভির সাংবাদিক মিজানুর রহমান। তাদেরকে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে চিকিৎসা করা হয়েছে। এঘটনায় তুরাগ থানায় একটি লিখিত অভিযোগ (এজাহার) দায়ের করা হলে পুলিশ অভিযুক্ত নূরে আলম ও তার সহযোগী আলামিনকে (২৭) আটক করতে সক্ষম হয়। ডিএমপির তুরাগ থানার ইন্সপেক্টর (ওসি) মো: টোকনুজ্জামান সাংবাদিকদের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর অনেক কিশোর গ্যাং সদস্য গ্রেপ্তার হয়ে কারাগারে ছিল। কিন্তু পরে তারা জামিনে বেরিয়ে আবারও অপরাধে যুক্ত হচ্ছে। কোর্টের মাধ্যমে যেন জামিন প্রক্রিয়া আরো কঠোর করা হয়, সেই ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন প্রাপ্তসূত্রে জানা যায়, চলতি বছরের এপ্রিল মাসে এ প্রতিবেদন লিখা পর্যন্ত ঢাকাসহ আশপাশের এলাকা গুলোতে অন্তত ১৬/২০টি খুনের ঘটনা ঘটেছে। শীর্ষ সন্ত্রাসীদের ইশারায় নগরজুড়েই তৎপর কিলাররা। রাজধানীতে চুরি, ছিনতাই, খুনসহ অপরাধমূলজ কর্মকাণ্ড বেড়েছে।

পুলিশ, ডিবি পুলিশ ও গোয়েন্দা সূত্রগুলো বলছে, পার্শ্ববর্তী দেশ ভারত থেকে বাংলাদেশে ঢুকছে এই ক্ষুদ্র মারণাস্ত্র। যশোর, ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা জেলার সীমান্তবর্তী এলাকা দিয়ে বেশি ঢুকছে পেন গান। সহজে বহনযোগ্য ও লুকিয়ে রাখা যায় বলে অপরাধীদের কাছে এটি খুবই জনপ্রিয় আধুনিক আগ্নেয়াস্ত্র । দুর্ধর্ষ চরমপন্থি সন্ত্রাসী ও মাদক কারবারিদের হাতে বেশ আগেই পৌঁছে গেছে এই আগ্নেয়াস্ত্র। এটি বেশি ব্যবহার হয় টার্গেট কিলিংয়ে। আকারে ছোট হওয়ায় এটি পকেটে বা ব্যাগে সহজেই লুকিয়ে রাখা যায়। ফলে অবৈধ অস্ত্র ব্যবসায়ীদের কাছে চাহিদার তুঙ্গে এখন ‘পেন গান’। ভয়ংকর এই আগ্নেয়াস্ত্রে কলমের ক্লিপ আকৃতির অংশই ট্রিগার হিসাবে ব্যবহৃত হয়। এ অস্ত্র দিয়ে খুব কাছ থেকে কাউকে গুলি করলে বাঁচা কঠিন।

তথ্য অনুসন্ধান ও বিভিন্ন প্রাপ্তসূত্রে জানা যায়, ভারতের ছত্তিশগড়ের মাওবাদী বিদ্রোহীদের নিজস্ব কারিগরি দল কিছু পেন গান তৈরি করে থাকে। এছাড়া অন্যান্য দেশেও তৈরি হয় অত্যাধুনিক এই অস্ত্র। বর্তমানে রাজধানী ঢাকাসহ দেশব্যাপী আলোচনার তুঙ্গে ক্ষুদ্র এই মারণাস্ত্র পেনগান নাম অস্ত্রটি । বেশকিছু টার্গেট কিলিংয়ে এই অস্ত্র ব্যবহার হয়েছে বলে ধারণা করছেন গোয়েন্দা কর্মকর্তারা।

সূত্রে জানা যায়, আগ্নেয়াস্ত্র পেন গান প্রথম গোয়েন্দাদের নজরে আসে ২০২৪ সালে। ওই বছরের ১৬ মে গোয়েন্দা পুলিশ সাভার থেকে গ্রেফতার করে খুলনা অঞ্চলের একসময়ের দুর্ধর্ষ চরমপন্থি সন্ত্রাসী শিমুল ভূঁইয়াকে। তার বিষয়ে তদন্তে নেমে গোয়েন্দারা জানতে পারেন, দীর্ঘদিন ধরেই অবৈধ অস্ত্র কারবারে জড়িত শিমুল ভূঁইয়া। তার মোবাইল ফোন থেকে পেন গানের ভিডিও উদ্ধার করা হয়। সে সময় শিমুল ভূঁইয়া গোয়েন্দাদের জানান, বাংলাদেশে পেন গানের চাহিদা দিনদিন বাড়ছে। সন্ত্রাসীদের পাশাপাশি অনেক রাজনৈতিক নেতাও পেন গান কিনতে চান। ডিবির জিজ্ঞাসাবাদে কাল্লু জানিয়েছেন, ৮০ হাজার টাকায় বিক্রি করলে তিনি ১০ হাজার টাকা কমিশন পেতেন।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)’র লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী সাংবাদিকদের বলেন, সক্রিয় কিশোর গ্যাংয়ের তালিকা প্রণয়ন ও তাদের শনাক্ত করতে র‌্যাবের সব ব্যাটালিয়ন কাজ করছে। পাশাপাশি এসব গ্যাংয়ের সদস্যদের পৃষ্ঠপোষকদের চিহ্নিত করতেও প্রতিটি ব্যাটালিয়ন সমন্বিত কাজ করছে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্মকমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, উদ্ধার করা পেন গান সম্পূর্ণরূপে একটি ইউনিক অস্ত্র। খুবই ছোট্ট একটি কলমসদৃশ অস্ত্র। এটির উৎস খুঁজে বের করা, এটার অবৈধ কারবারির সঙ্গে কাদের সংশ্লিষ্টতা আছে এবং কোথা থেকে কীভাবে কোন রুটে আসে-প্রতিটি বিষয়ে আমরা তদন্তে মনোনিবেশ করেছি। আমরা আশাবাদী পেন গানের রুট আমরা খুঁজে বের করতে পারব। যারা এটার সঙ্গে সংশ্লিষ্ট, তাদের আমরা আইনের আওতায় আনব। এ বিষয়ে আমরা কাজ করছি।

এই বিভাগের আরও সংবাদ