সিলেট

মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে উদ্যোগ নেবে সিসিক: আব্দুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিলেটের শিক্ষা খাতের উন্নয়নে সিটি কর্পোরেশন ইতোমধ্যে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা করছে এবং ভবিষ্যতে এ খাতে আরও বিস্তৃত উদ্যোগ গ্রহণ করা হবে। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে অবকাঠামো উন্নয়ন, শিক্ষার পরিবেশ আধুনিকায়ন এবং সহশিক্ষা কার্যক্রম জোরদার করার পরিকল্পনা রয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে নগরের ৮ নম্বর ওয়ার্ডস্থ বীরেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের যুগোপযোগী ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে সিটি কর্পোরেশন ধারাবাহিকভাবে কাজ করে যাবে। পাশাপাশি প্রতিযোগিতামূলক কার্যক্রমে অংশগ্রহণ শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে উল্লেখ করে তিনি পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রমে অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

সিসিক প্রশাসক ৮ নম্বর ওয়ার্ডের চলমান উন্নয়ন প্রকল্প দ্রুত সম্পন্ন করার আশ্বাস দেন। একই সঙ্গে পরিচ্ছন্ন নগর গড়তে নির্ধারিত স্থানে বর্জ্য ফেলা এবং সময়মতো গৃহকর পরিশোধে নগরবাসীর প্রতি আহ্বান জানান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক অর্জুন চন্দ্র দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সিসিকের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. আলী আকবর এবং সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আফছর খান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শাহ খুররম ডিগ্রি কলেজের অধ্যাপক আব্দুস শহীদ, ৩৭ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক বাচ্চু মিয়া, সাবেক কাউন্সিলর মো. রিয়াজ আহমদ, রেবেকা বেগম রেনু, সিসিকের শিক্ষা, সংস্কৃতি, পাঠাগার ও সমাজকল্যাণ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এর আগে প্রশাসক ৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন চলমান উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন।

এই বিভাগের আরও সংবাদ