প্রবাস

ইতালিতে ‘সোজুর্নো’র দাবিতে কলোসিয়ামের সামনে বাংলাদেশিদের রাস্তা সমাবেশ

ইতালি প্রতিনিধি: ইতালিতে ফ্লুসি (Flussi) বা কর্মসংস্থান কোটায় এসেও বৈধ কাগজ না পাওয়ার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে রাজধানী রোম। শনিবার (২৮ মার্চ) স্থানীয় সময় সকালে রোমের বিশ্ববিখ্যাত কলোসিয়ামের সামনে কয়েকশ প্রবাসী বাংলাদেশি এক অভিনব প্রতিবাদ কর্মসূচি পালন করেন। এসময় তারা রাজপথে শুয়ে পড়ে প্রতীকী অবরোধ সৃষ্টি করেন।

প্রবাসী সংগঠন ‘ধূমকেতু অ্যাসোসিয়েশন’-এর নেতৃত্বে আয়োজিত এই সমাবেশে অংশ নেন কয়েকশ ভুক্তভোগী। তাদের দাবি, দীর্ঘদিন ধরে ঝুলে থাকা ‘পেরমেসো দি সোজুর্নো’ (বসবাসের অনুমতি) দ্রুত প্রদান করতে হবে।

বিক্ষোভকারীরা শনিবার রোমের পর্যটন এলাকায় একত্রিত হয়ে উচ্চস্বরে স্লোগান দিতে থাকেন: “Noi vogliamo permesso di soggiorno!” (আমরা বসবাসের অনুমতি চাই!)। শুধু স্লোগান নয়, রাস্তায় শুয়ে পড়ে তারা ইতালীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন। বাংলাদেশিদের এমন সুশৃঙ্খল অথচ কঠোর প্রতিবাদ দেখে স্থানীয় ইতালীয় নাগরিক এবং পর্যটকরা বিস্ময় প্রকাশ করেন।

বিক্ষোভকারীরা জানান, তারা সরকার ঘোষিত ‘ফ্লুসি’ প্রক্রিয়ার মাধ্যমে বৈধভাবে ইতালিতে এলেও আমলাতান্ত্রিক জটিলতায় মাসের পর মাস সোজুর্নো বা বৈধ কাগজ পাচ্ছেন না। ফলে তারা বৈধভাবে কাজে যোগ দিতে পারছেন না। থাকার জন্য ভালো কোনো বাসা ভাড়া পাচ্ছেন না। সোজুর্নো না থাকায় প্রতিনিয়ত পুলিশি হয়রানির আতঙ্কে থাকছেন।

সমাবেশে আসা প্রবাসীরা ক্ষোভের সাথে জানান, তারা ইতালিতে কোনো দয়া বা অবৈধ সুবিধা নিতে আসেননি। তারা নিজ যোগ্যতায় কাজ করতে এসেছেন এবং কর দিয়ে দেশটির অর্থনীতিতে অবদান রাখতে চান। কিন্তু প্রশাসনিক দীর্ঘসূত্রিতা তাদের জীবনকে দুর্বিষহ করে তুলেছে।

ধূমকেতু অ্যাসোসিয়েশনের নূরে আলম বাচ্চু বলেন, “আমাদের ভাইদের ভবিষ্যৎ এখন অনিশ্চিত। দ্রুত এই সমস্যার সমাধান না হলে হাজার হাজার বাংলাদেশি যুবকের স্বপ্ন ইতালির মাটিতেই ধূলিসাৎ হয়ে যাবে।”

ইতালির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই বিক্ষোভের পর কী পদক্ষেপ নেয়, এখন সেদিকেই তাকিয়ে আছেন রোমে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।

এই বিভাগের আরও সংবাদ