শ্রীনগরে উৎপাদন খরচের অর্ধেক দামে আলু বিক্রি, হতাশ কৃষক


আরিফুল ইসলাম শ্যামল: মুন্সীগঞ্জে শ্রীনগরে চলতি মৌসুমে প্রায় সাড়ে ১৯শ’ হেক্টর জমিতে আলু চাষ করা হয়েছে। এরই মধ্যে কিছু কিছু জমিতে আলু উত্তোলন শুরু হয়েছে। ধারনা করা হচ্ছে আসন্ন ঈদ-উল-ফিতরের পরেই পুরোদমে আলু উত্তোলনের কাজ শুরু হবে। তবে বর্তমান আলুর পাইকারী বাজার দরে হতাশ সংশ্লিষ্ট আলু চাষীরা। তাদের চোখে মুখে লোকসানের দুশ্চিন্তার ছাপ পড়েছে।
পাইকারীর বাজারে প্রান্তিক কৃষকের কৃষকের আলুর কেজি বিক্রি হচ্ছে সর্বোচ্চ ১০ টাকা দরে। খুচরা বাজারে প্রকার ভেদে আলু বিক্রি হচ্ছে ১২ থেকে ১৫ টাকা করে। উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ বিন সাদেক বলেন, এ বছর উপজেলায় ১৯শ’ ৪৪ হেক্টর জমিতে আলুর আবাদ হচ্ছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে প্রায় সাড়ে ৫৮ হাজার মেট্রিক টন। জমিতে কম সার প্রয়োগের মাধ্যমে সঠিক পদ্ধতিতে আলু চাষের জন্য স্থানীয়দের উদ্ধুদ্ধ করা হচ্ছে। আশা করা যাচ্ছে চলতি মৌসুমেই এর সুফল পাবেন সংশ্লিষ্ট কৃষক।
আলু চাষীরা বলছেন, আবহাওয়া অনুকূলে থাকলে ঈদ-উল ফিতরের পরে আলু উঠানো হবে। যদিও উপজেলার আটপাড়া ও বীরতারা এলাকায় কিছু জমিতে আলু উওোলন করতে দেখা গেছে।
কৃষকরা বলছেন, আলুর ফলনে তারা খুশি। তবে অর্থের যোগান দিতে লোকসানেই আলু বিক্রি করছেন। এতে আলু উৎপাদন খরচের অর্ধেক দামও পাওয়া যাচ্ছে না। স্থানীয়ভাবে পাইকারের কাছে প্রতি মণ আলু বিক্রি করা হচ্ছে ৪শ’ টাকা দরে। ক্ষতিগ্রস্তরা বলছেন, সামনে যদি কাঙ্খিত মূল্যে আলু বিক্রি করতে না পারেন তাহলে পথে বসতে হবে তাদের। গেল বারের লোকসান কাটিয়ে উঠতে এবারও ধারদেনা করে আলুর আবাদ করেছেন তারা।
খোঁজ নিয়ে জানা গেছে, এবার প্রতি কানি (১৪০ শতাংশ) জমিতে আলু চাষে কৃষকের ব্যয় ধরা হচ্ছে ২ লাখ ৭৫ হাজার থেকে সোয়া ৩ লাখ টাকা পর্যন্ত। তবে এলাকা ভিত্তিক এই ব্যয় খরচ কিছুটা কম-বেশী হতে পারে। চলতি মৌসুমে প্রতি কানি জমিতে গড়ে ৪শ’ মণ আলু উৎপাদনের আশা করা হচ্ছে। প্রতি মণ আলুর উৎপাদণ খরচ জমিতে পড়ছে কমপক্ষে ৭শ’ টাকা।
মো. বাবুল শেখ বলেন, আলুর ফলন অনেক ভালো পেয়েছি। দামতো পাওয়া যাচ্ছেনা। আলুর অর্ধেক দামেরও পাইকার খুঁজে পাওয়া যাচ্ছেনা।
নিজাম শেখ নামে একজন বলেন, বর্তমানে আড়তে নতুন আলুর কেজি ৯-১০ টাকা। বাধ্য হয়েই লোকশানে আলু বিক্রি করতে হচ্ছে। সামনে ঈদ উৎসবের খরচ যোগাতে আলু বিক্রি করতে হচ্ছে তার। তাছাড়া আলু হিমাগারে রাখতে গেলেও আলুর বস্তা প্রতি প্রায় ৫শ’ টাকা খরচ বাড়বে।
আরিফ বেপারী নামে একজন বলেন, কয়েকদিন আগে আড়তে আলুর কেজি বিক্রি করেছি ৬-৭ টাকা করে। এখন ১০ টাকা কেজি দরে কেনাবেচা হচ্ছে। সামনে আলুর বাজার বাড়বে কিনা এই মূহুর্তে বুঝা যাচ্ছে না।



