উপকূলীয় অঞ্চল চরফ্যাশনে ২৮৮ পরিবার পেল ফ্যামিলি কার্ড


ইয়ামিন হোসেন: ভোলার চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে ২৮৮টি পরিবারের মাঝে বহুল আলোচিত ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে।
দেশের ১৪টি এলাকার একটি করে ওয়ার্ডে একযোগে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (১০ মার্চ) সকাল ১১টায় চরফ্যাশন উপজেলা হলরুমে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৪ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নয়ন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান, ভোলা জেলার পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওছার, চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লোকমান হোসেন।
এ ছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে আসলামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নির্বাচিত ২৮৮টি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন অতিথিরা। এ সময় ফ্যামিলি কার্ড পেয়ে উপকারভোগী পরিবারগুলোর মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা যায়।
ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নুরুল ইসলাম নয়ন বলেন, নির্বাচনের আগে দেশনায়ক তারেক রহমান দেশ ও জাতি গঠনে ৩১ দফা বাস্তবায়নের যে রূপরেখা দিয়েছিলেন, রাষ্ট্রনায়কের দায়িত্ব গ্রহণের পর এখন ধাপে ধাপে তা বাস্তবায়ন শুরু হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে ন্যায়-নীতিনিষ্ঠ ও ইনসাফভিত্তিক একটি রাষ্ট্র।
যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেন, নতুন বাংলাদেশ গঠনে দল-মত নির্বিশেষে সবার সহযোগিতা প্রয়োজন। তাই উন্নয়ন ও কল্যাণমুখী রাষ্ট্র বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।





