সিলেট

দেওয়ান বাজারে ১,৩২৬ দরিদ্র পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ

আজ বুধবার পবিত্র রমজান উপলক্ষে সিলেটের বালাগঞ্জ উপজেলায় দেওয়ানবাজারে ১,৩২৬ জন দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ভিজিএফের (VGF) ফ্রি চাল বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এম এ মালিক।

এম এ মালিক উপস্থিত সুবিধাভোগীদের উদ্দেশে বলেন, “আপনারা কষ্ট করে আমাকে ভোট দিয়ে এমপি বানিয়েছেন। আমি সবার এমপি। যেকোনো সময় আমাকে পাবেন। এলাকার উন্নয়নের জন্য আমি কাজ করে যাবো ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, বালাগঞ্জের রাস্তাঘাট উন্নয়ন, খাল খনন এবং কৃষকদের সেচ সুবিধা নিশ্চিত করতে সরকার কাজ করছে। দক্ষিণ সুরমা থেকে বালাগঞ্জ পর্যন্ত সড়ক উন্নয়নের বিষয়টি ইতোমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে উত্থাপন করা হয়েছে বলে জানান তিনি।

এমপি মালিক বলেন, “আমরা কথা দিলে কথা রাখি। যতদিন দায়িত্বে আছি, ততদিন এলাকার উন্নয়নে এক ইঞ্চি সময়ও নষ্ট করবো না। ইউনিয়ন পরিষদ থেকে উপজেলা পর্যন্ত সব উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।”

তিনি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল ভোটারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “হিন্দু-মুসলিম সবাই আমাকে সমর্থন দিয়েছেন। আমি সবার প্রতিনিধি হিসেবে কাজ করবো।”

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সরকার ঘোষিত ভিজিএফ কর্মসূচির আওতায় তালিকাভুক্ত দরিদ্র পরিবারের মাঝে এ চাল বিতরণ করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

চাল বিতরণ অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ