বোদায় টোল বৃদ্ধির প্রস্তাব; সিদ্ধান্ত না বদলালে হাট বর্জনের হুঁশিয়ারি ব্যবসায়ীদের


মাহমুদ দোলন, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের বোদা পৌরসভা এলাকার ঐতিহ্যবাহী নগর কুমারী গরুর হাটে গরু ও ছাগলের টোল বৃদ্ধির প্রস্তাবের প্রতিবাদে স্থানীয় ব্যবসায়ীদের টোল না বাড়ানোর দাবিতে মানববন্ধন করেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে নগর কুমারী হাট প্রাঙ্গণে গরু ব্যবসায়ী, বিক্রেতা ও সর্বস্তরের জনগণের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসময় মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে ব্যবসায়ী নেতারা জানান, বর্তমানে এই হাটে প্রতিটি গরু ও মহিষের জন্য ৪০০ টাকা এবং ছাগল ও ভেড়ার জন্য ১৫০ টাকা করে টোল আদায় করা হচ্ছে। তবে সম্প্রতি পৌরসভা কর্তৃপক্ষ এই টোল হার বাড়িয়ে গরু মহিষের ক্ষেত্রে ৬০০ টাকা, এবং ছাগল-ভেড়ার ক্ষেত্রে ২০০ টাকা করার পরিকল্পনা করেছে। বক্তারা বলেন, বর্তমান বাজার পরিস্থিতিতে এমনিতেই ব্যবসা পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে। তাই বিদ্যমান ৪০০ টাকা টোল দিতেই যেখানে ব্যবসায়ীরা হিমশিম খাচ্ছেন, সেখানে নতুন করে ২০০ টাকা বৃদ্ধি করা হলে সাধারণ খামারি ও ক্ষুদ্র ব্যবসায়ীরা চরম লোকসানের মুখে পড়বেন।
মানববন্ধনে উপস্থিত গরু ব্যবসায়ী আসাদুল ইসলাম, আজিজুল, আব্দুর রহমান, এবং হরিমোহন সহ অন্যান্য বক্তারা একযোগে হুঁশিয়ারি দেন যে, অবিলম্বে এই বর্ধিত টোলের সিদ্ধান্ত বাতিল করা না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন । প্রয়োজনে হাটে গবাদিপশু আনা সম্পূর্ণ বন্ধ রাখার হুশিয়ারিও দিয়েছেন কয়েকজন ব্যবসায়ী। ব্যবসায়ীরা বলেন, টোল বৃদ্ধির ফলে ক্রেতা বিক্রেতা উভয়ই ক্ষতিগ্রস্ত হবেন। তাই তারা পৌর প্রশাসকের কাছে এই সিদ্ধান্ত পূর্ণ বিবেচনার জোর দাবি জানান।





