মুন্সীগঞ্জে মশার উপদ্রবে দিশেহারা মানুষ


আবু সাঈদ দেওয়ান সৌরভ: মুন্সীগঞ্জ জেলাজুড়ে দিন দিন বেড়ে চলেছে মশার উপদ্রব। সন্ধ্যা নামলেই শহর থেকে গ্রাম—সবখানেই মশার আক্রমণে অতিষ্ঠ হয়ে পড়ছেন সাধারণ মানুষ। কয়েল, স্প্রে, মশারি—সব ব্যবহার করেও রেহাই মিলছে না। জেলা শহর, সদর, গজারিয়া, টঙ্গীবাড়ী, সিরাজদিখান, শ্রীনগর ও লৌহজং উপজেলার প্রায় সব এলাকায়ই মশার যন্ত্রণায় অতিষ্ঠ জেলার বাসিন্দারা।
বাসাবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, অফিস, আদালত, মসজিদ, মন্দির, ব্যবসা প্রতিষ্ঠান প্রায় সব জায়গায় মশার রাজত্ব। ড্রেনেজ ব্যবস্থার বেহাল অবস্থা, অপরিষ্কার নালা-নর্দমা, জমে থাকা ময়লা পানি ও অব্যবস্থাপনায় মশার বংশবিস্তার বেড়েই চলেছে। বিশেষ করে সন্ধ্যার পর ও ভোরবেলায় মশার অত্যাচার চরমে পৌঁছায়। ইফতার, তারাবিহ, সেহরিতে মশার উপদ্রবের কারণে ইবাদত করা অনেক কষ্টের কারণ হয়ে দাড়িয়েছে। ডেঙ্গু, চিকুনগুনিয়া ও মশাবাহী নানা রোগের সম্ভবনা বাড়ছে। মশার কারণে শিশুদের পড়াশোনায় ব্যাঘাত ঘটছে। এছাড়াও শিশুসহ সকল মানুষের নানামুখী মশাবাহী রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ছে। ২০২৫ সালের সেপ্টেম্বর মাসের শেষের দিকের তথ্য অনুযায়ী, মুন্সীগঞ্জে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১ হাজার ১৪৫ জন। ওই সময়ে জেলা হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর চিকিৎসায় তীব্র চাপ লক্ষ্য করা গিয়েছিল। কিন্তু প্রকৃত পক্ষে জেলা জুড়ে মশাবাহী রোগীর সংখ্যা ছিলো কয়েকগুন। যারা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন আবার অনেকেই আর্থিক সংকটে চিকিৎসা গ্রহন করতে পারেনি। এবারও মশার উপদ্রব নিয়ন্ত্রণে খুব দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে আরো ভয়াবহ আকার ধারণ করবে। এ বিষয়ে পৌরসভা, ইউনিয়ন, উপজেলা, জেলা পর্যায়ের কতৃপক্ষ পদক্ষেপ গ্রহনের কথা বললেও সরজমিনে তেমন কোন পদক্ষেপ দেখা যায় না।
মুন্সীগঞ্জ শহরের এক বাসিন্দা জানান, “মশার কারণে ঠিকমতো ঘুমানো যায় না। কয়েল, স্প্রে ব্যবহার করেও রেহাই নাই।” মাঝে মধ্যে মনে হয়, এটা মশার শহর আর আমরা মশার শহরে বেড়াতে আসছি।
আরেকজন বলেন, “ডেঙ্গু ও চিকুনগুনিয়ার আতঙ্ক সব সময় কাজ করে। কিন্তু নিয়মিত ফগিং বা পরিচ্ছন্নতার কোনো উদ্যোগ দেখি না।”
মুন্সীগঞ্জ পৌরসভার স্থানীয়দের অভিযোগ, পৌরসভা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মাঝে মাঝে ফগিং করলেও তা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল এবং অনিয়মিত। অনেক এলাকায় মাসের পর মাস কোনো কার্যক্রম দেখা যায় না।
মিরকাদীম পৌর এলাকার একজন বাসিন্দা জানান, আমাদের পৌরসভা পুরোটাই একটা ময়লার ভাগাড়। পৌরসভাটাই একটা মশার উপদ্রবের কারখানা। পৌরসভা হলেও এখানে মশার উপদ্রব নিয়ন্ত্রণে কতৃপক্ষের কোন উদ্যোগ নেই।
মুন্সীগঞ্জের অন্যান্য উপজেলার মানুষের অভিযোগ, দীর্ঘদিন ধরে এ সমস্যা প্রকট হলেও কার্যকর কোনো সরকারি বা বেসরকারি উদ্যোগ চোখে পড়ছে না।
স্বাস্থ্য সচেতন মহল বলছে, মশা নিয়ন্ত্রণে সমন্বিত কার্যক্রম জরুরি। নালা-নর্দমা পরিষ্কার, জমে থাকা পানি অপসারণ এবং নিয়মিত ফগিং কার্যক্রম না চালালে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। বিশেষজ্ঞদের মতে, বর্ষা ও পরবর্তী সময়ে এডিস মশার ঝুঁকি বাড়ে, যা জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি।
সচেতন নাগরিকরা দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। তাদের মতে, নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, পর্যাপ্ত ফগিং, জনসচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত উদ্যোগ গ্রহণ করা না হলে মশার উপদ্রব আরও বেড়ে জনজীবন দুর্বিষহ হয়ে উঠবে। দ্রুত পদক্ষেপ না নিলে, সামনে বর্ষার মৌসুম শুরু হলে জেলা বাসী মশাবাহী নানা রোগে আক্রান্ত হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মাসুদুর রহমান জানান, এ বিষয়ে আমাদের নানামুখী কার্যক্রম চলমান রয়েছে। মিরকাদীম পৌরসভায় ইতিমধ্যে আমরা কাজ শুরু করেছি। এলাকা চিহ্নিত করে আমাদের পরিচ্ছন্নতা অভিযান চলছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোচ্ছাবেরুল ইসলাম জানান, ইতিমধ্যে জেলা প্রশাসক মহোদয় ও আমাদের একটি টিম হাসপাতালসহ গুরুত্বপূর্ণ স্থান গুলো পর্যবেক্ষণ করেছি। পৌরসভা, ইউনিয়ন, উপজেলা পর্যায়ে এ বিষয়ে পদক্ষেপ নিতে বলা হয়েছে। জেলা প্রশাসন এ বিষয়ে ব্যবস্থা নিতে সচেষ্ট ভূমিকা রাখবে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত দৃষ্টি ও কার্যকর পদক্ষেপ গ্রহন এখন সময়ের দাবি।



