খুলনা

আপোষহীন রাজনীতির প্রতীক খালেদা জিয়া, তাঁর পথেই দেশ গড়বেন তারেক রহমান

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ‘এশিয়ার নেলসন ম্যান্ডেলা’ হিসেবে অভিহিত করে বিএনপি নেতারা বলেছেন, আপোষহীন রাজনীতির যে দৃষ্টান্ত তিনি স্থাপন করে গেছেন, সেই আদর্শ ও পথ অনুসরণ করেই দেশ ও দল পরিচালনা করবেন দেশনায়ক তারেক রহমান।

বুধবার (১৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় খুলনার ঐতিহাসিক শহীদ হাদিস পার্কে খুলনা মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত নাগরিক শোকসভা ও দোয়া মাহফিলে বক্তারা এসব কথা বলেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি ও খুলনা-২ আসনে ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু বলেন, ৪১ বছরের রাজনৈতিক জীবনে বেগম খালেদা জিয়া একজন সাধারণ গৃহবধূ থেকে আপোষহীন দেশনেত্রীতে পরিণত হয়েছেন। তাঁর সংগ্রাম, ত্যাগ ও নেতৃত্বের ইতিহাস পৃথিবীর রাজনৈতিক অঙ্গনে বিরল দৃষ্টান্ত।

ভবিষ্যৎ নেতৃত্ব প্রসঙ্গে তিনি বলেন, দেশনায়ক তারেক রহমান আজ জাতির আশার আলো। বেগম খালেদা জিয়া যে আদর্শ ও পথ দেখিয়ে গেছেন, সেই পথেই তিনি দল ও রাষ্ট্র পরিচালনা করবেন। তিনি খুলনার জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ধানের শীষে ভোট দিয়েই জাতীয়তাবাদী শক্তিকে বিজয়ী করতে হবে।

শোকসভায় আরও বক্তব্য দেন খুলনা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, ড্যাব সভাপতি ডা. রফিকুল ইসলাম বাবলু, খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি রাশেদুল ইসলাম, খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হকসহ বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

শোকসভা পরিচালনা ও শোক প্রস্তাব পাঠ করেন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন। সভা শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং প্রয়াত নেতাকর্মীদের আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এই বিভাগের আরও সংবাদ