বাগেরহাট

উপকূলীয় এলাকায় নিরাপত্তা ও অভিযান পরিচালনায় কোস্ট গার্ড পশ্চিম জোন মোংলা

সুমন,স্টাফ রিপোর্টারঃ চলতি বছরে দেশের উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলে নিরাপত্তা, আইন-শৃঙ্খলা রক্ষা, চোরাচালান প্রতিরোধ, বনজ ও মৎস্য সম্পদ সংরক্ষণ, প্রাকৃতিক দুর্যোগে মানবিক সহায়তা প্রদান সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ, জলদস্যু ও বনদস্যু নির্মূল, জেলেদের নিরাপত্তা, সমুদ্র ও নৌপথে অবৈধ কার্যক্রম প্রতিরোধে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

আজ সোমবার(২৯ডিসেম্বর) বেলা ১২ টায় কোস্ট গার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ মেসবাউল ইসলাম এ তথ্য জানান।

কোস্ট গার্ড জানায়, চলতি বছরে জানুয়ারি থেকে এ পর্যন্ত সুন্দরবনে ডাকাত ও জলদস্যু বিরোধী অভিযান পরিচালনা করে মোট ৩৮ টি আগ্নেয়াস্ত্র, ২ টি হাত বোমা, ৭৪ টি দেশীয় অস্ত্র, অস্ত্র তৈরির বিপুল সরঞ্জামাদি, ৪৪৮ রাউন্ড কার্তুজ এবং ডাকাতদের কাছে জিম্মি থাকা ৫২ জন নারী ও পুরুষ উদ্ধার করা হয়। এসব অভিযানে মোট ৪৯ জন ডাকাতকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

একইসাথে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫,৬৭৪ পিস ইয়াবা, ১৩ কেজি গাঁজা, ১,২৫৬ বোতল বিদেশি মদ ও বিয়ারসহ মোট ৫১ জন মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বন্যপ্রাণী ও পরিবেশ সংরক্ষণ অভিযান পরিচালনা করে ৮২৪ কেজি হরিণের মাংস ও হরিণের বিভিন্ন অঙ্গসহ ৬০০ টি হরিণের ফাঁদ জব্দ করা হয় এবং ২৯ জন হরিণ শিকারিকে আটক করা হয়।

এছাড়া ১৪০০ পিসেরও বেশি গেওয়া ও গড়ান কাঠ, ২ টি তক্ষক, ৬২ টি বিভিন্ন প্রজাতির কচ্ছপ এবং ৩,৪০০ কেজি পলিথিন জব্দ করা হয়। অবৈধ মৎস্য আহরণ বিরোধী অভিযান পরিচালনা করে প্রায় ১৪৭৩ কোটি টাকা সমমূল্যের ১২ কোটি মিটারেরও বেশি অবৈধ জাল এবং ১২০ কোটি টাকা সমমূল্যের রেণুপোনা, ১৪ হাজার কেজি জেলি পুশকৃত চিংড়ি জব্দ করা হয়।

উপকূলীয় অঞ্চলে চলতি বছরে ২,০০০ এর বেশি দুস্থ, অসহায় ও শিশুদের চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করেছে। উপকূলীয় অঞ্চলে ৫০০ এর বেশি অসহায়, গরীব ও দুঃস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে কোস্ট গার্ড। বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থী, জেলে, মাঝি, পেশাজীবী ও সাধারণ জনগণের উপস্থিতিতে পরিবেশ ও বন রক্ষা, বনজ প্রাণী সংরক্ষণ, দুর্যোগকালীন উদ্ধার কার্যক্রম, অগ্নি নির্বাপণ বিষয়ে প্রশিক্ষণ প্রদানসহ কিশোর-তরুণদের মাঝে দেশপ্রেম জাগ্রতকরণ এবং মাদক বিরোধী সচেতনতা বৃদ্ধিতে কার্যক্রম পরিচালনা করে আসছে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু করেছে। নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্নের লক্ষ্যে কোস্ট গার্ড পশ্চিম জোনের আওতাধীন উপকূলীয় এলাকাসমূহে ইতিমধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য-উপাত্ত সংগ্রহের কাজ চলমান রয়েছে। নির্বাচনে সুষ্ঠুভাবে দায়িত্ব পালনের জন্য কোস্ট গার্ড সদস্যদের নির্বাচন কেন্দ্রিক প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।

জনগণের নিরাপত্তা এবং অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করতে কোস্ট গার্ড পশ্চিম জোন সর্বদা প্রস্তুত থাকবে বলেও জানিয়েছেন।

এই বিভাগের আরও সংবাদ