বাগেরহাট

মনোনয়ন দাবিতে উত্তাল বাগেরহাট: এম.এ. সালামের পক্ষে গণজমায়েত ও বিক্ষোভ মিছিল

সাগর মন্ডল, স্টাফ রিপোর্টার: বাগেরহাট জেলা বিএনপির সমন্বয়ক ও সাবেক সভাপতি, বাগেরহাট–২ আসনে ২০০৮ ও ২০১৮ সালের বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এম.এ. সালামের মনোনয়নের দাবিতে বাগেরহাটে গণজমায়েত ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকাল ৪টায় বাগেরহাট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ গণজমায়েত অনুষ্ঠিত হয়। পরে সহস্রাধিক নেতাকর্মীর অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

গণজমায়েতে বক্তারা বলেন, এম.এ. সালাম দীর্ঘদিন ধরে দলের দুঃসময়ে রাজপথে থেকে আন্দোলন-সংগ্রাম চালিয়ে আসা একজন ত্যাগী, পরীক্ষিত ও জনপ্রিয় নেতা। এমন নেতৃত্বকে উপেক্ষা করা হলে দলীয় সাংগঠনিক কাঠামো দুর্বল হবে। বক্তারা আরও বলেন, বাগেরহাট সদর ও কচুয়া-২ আসনে এম.এ. সালামকে মনোনয়ন দেওয়া হলে বিএনপির গণভিত্তি আরও সুদৃঢ় হবে এবং আসন্ন রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় দল শক্ত অবস্থানে যাবে।

গণজমায়েতে বক্তব্য রাখেন বিএনপি নেতা শেখ সাঈদ আলী রবি, খাদেম নেয়ামুল নাসির আলাপ, শমসের আলী মোহন, হাদিউজ্জামান হিরো শেখ, জাহিদুল ইসলাম শান্তসহ জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

গণজমায়েত ও বিক্ষোভ মিছিলে সহস্রাধিক বিএনপি নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন। এ সময় নেতাকর্মীরা দ্রুত এম.এ. সালামের মনোনয়ন নিশ্চিত করার জোর দাবি জানান।

এই বিভাগের আরও সংবাদ