পঞ্চগড়

পঞ্চগড়ে মেঘের ঘোমটা তুলে হাসছে কাঞ্চনজঙ্ঘা: রূপের টানে পর্যটকদের ঢল

আল মাহমুদ দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ মেঘমুক্ত নীল আকাশের নিচে উঁকি দিচ্ছে তুষার শুভ্র পর্বতশৃঙ্গ। ভোরের সোনালী রোদ সেই বরফে পড়তেই যেন ঠিকরে বের হচ্ছে এক মায়াবী আভা। কয়েক দিন ধরেই দেশের উত্তরের জেলা পঞ্চগড় থেকে খালি চোখে দেখা মিলছে হিমালয় কন্যা কাঞ্চনজঙ্ঘার এমন জাদুকরি রূপের।

মেঘের ঘোমটা সরিয়ে কাঞ্চনজঙ্ঘার এই হাসিমুখ দেখার লোভ সামলাতে পারছেন না প্রকৃতিপ্রেমীরা। তাই যান্ত্রিক জীবনের ক্লান্তি ভুলে একটু প্রশান্তির খোঁজে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা দলে দলে ছুটে আসছেন তেঁতুলিয়ায়। প্রতিবছর শীতের আগমনী বার্তার সঙ্গেই পঞ্চগড় সেজে ওঠে এক ভিন্ন রূপে। আবহাওয়া অনুকূলে থাকায় এবারও অক্টোবরের মাঝামাঝি থেকেই দৃশ্যমান হতে শুরু করেছে কাঞ্চনজঙ্ঘা।

এই বিভাগের আরও সংবাদ

তবে গত কয়েকদিন আকাশ সম্পূর্ণ মেঘমুক্ত থাকায় হিমালয় পর্বতমালার দ্বিতীয় এবং পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ এই পর্বতশৃঙ্গ ধরা দিয়েছে তার পূর্ণ যৌবনা রূপে। সরেজমিনে দেখা যায়, তেঁতুলিয়া জেলা পরিষদ ডাকবাংলো সংলগ্ন মহানন্দা নদীর পাড় এখন পর্যটকদের পদচারণায় মুখর। যদিও জেলার বিভিন্ন স্থান থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে তবুও মহানন্দার পার থেকে এর দৃশ্য সবচেয়ে মনোরম।

ভোরের আলো ফোঁটার সঙ্গেসঙ্গে, কখনো আবির রঙ্গে, কখনো গাড়ো কমলা, আবার কখনো ধবধবে সাদা বরফের চাঁদরে মোড়ানো কাঞ্চনজঙ্ঘা পর্যটকদের উপহার দিচ্ছে এক অপার্থি দৃশ্য।

ঢাকা থেকে সপরিবারে ঘুরতে আসা এক পর্যটক উচ্ছাস প্রকাশ করে বলেন, ছবিতে অনেক দেখেছি কিন্তু নিজের চোখে এই বিশালতা দেখার অনুভূতি একদমই আলাদা। ‘কাঞ্চনজঙ্ঘার এই মায়াবী রূপ দেখে যাত্রা পথের সব ক্লান্তি ভুলে গেছি।’ কেউ কেউ পরিবার নিয়ে, আবার কেউ বন্ধুদের সঙ্গে এই মুহূর্তটি স্মরণীয় করে রাখতে ব্যস্ত ছবি তোলায়। সবার চোখেমুখেই তৃপ্তির হাসি।

পর্যটকদের নিরাপত্তা ও সুযোগ সুবিধার বিষয়ে প্রশাসনের বেশ তৎপর। তেঁতুলিয়া টুরিস্ট পুলিশ জানিয়েছেন, আগত পর্যটকদের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিতে তারা কাজ করে যাচ্ছেন।

এ বিষয়ে পঞ্চগড়ের জেলা প্রশাসক কাজী সায়েমুজ্জামান বলেন, ‘পর্যটকদের জন্য আমরা আন্তরিকভাবে কাজ করছি। জেলায় ভালো যোগাযোগ ব্যবস্থা ও পর্যাপ্ত আবাসন সুবিধা নিশ্চিত করা হয়েছে। পর্যটনবান্ধব পরিবেশ বজায় রাখতে জেলা প্রশাসন সব সময় সচেষ্ট রয়েছেন।’
সাধারণত অক্টোবরের মাঝামাঝি থেকে নভেম্বরের পুরো সময় জুড়ে আকাশ মেঘমুক্ত থাকলে পঞ্চগড় থেকে কাঞ্চনজঙ্ঘার এমন বাহারি রূপ দেখা যায়। প্রকৃতির এই উদারতা আর প্রশাসনের ব্যবস্থাপনায় এবারের পর্যটন মৌসুমী পঞ্চগড় হয়ে উঠেছে ভ্রমণপিপাসুদের অন্যতম প্রধান গন্তব্য।

আজ সকাল(২৩ নভেম্বর) ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস। গতদিন শনিবার তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৭ ডিগ্রী সেলসিয়াস।

এই বিভাগের আরও সংবাদ