আইন ও আদালত

২০০ টাকা মুচলেকায় হিরো আলমের জামিন

সাবেক স্ত্রী রিয়া মনির করা মামলায় ২০০ টাকা মুচলেকা দেওয়ার শর্তে জামিন পেয়েছেন কনটেন্ট ক্রিয়েটর আশারফুল আলম ওরফে হিরো আলম।

শনিবার (১৫ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বিচারক রাকিবুল হাসান এ আদেশ দেন।

এর আগে, একই দিন দুপুরে হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে হাতিরঝিল থানায় করা মামলায় তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গত ২৩ জুন মামলাটি করা হয়। মামলা হওয়ার পরপর বগুড়ার ধুনটে বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়ে অতিরিক্ত ঘুমের ওষুধ সেবন করে অসুস্থ হয়ে পড়েন হিরো আলম।

মামলায় বলা হয়, মনোমালিন্য থেকে স্ত্রী রিয়া মনিকে তালাক দিয়ে বাসা থেকে বের করে দেন হিরো আলম। এরপর মীমাংসার কথা বলে গত ২১ জুন হাতিরঝিল এলাকায় এক বাসায় তাকে ডেকে নেন। ওইদিন রিয়া মনি তার পরিবার নিয়ে ঘটনাস্থলে গেলে হিরো আলমসহ অচেনা ১০ থেকে ১২ জন অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। পরে রিয়া মনির হাতিরঝিলের বাসায় প্রবেশ করে তাকে কাঠের লাঠি দিয়ে মারধর করে হিরোসহ ১০-১২ জন। এসময় রিয়া মনির গলায় থাকা দেড় ভরি ওজনের সোনার চেইন কৌশলে নিয়ে যায় আসামিরা।

এদিকে, হিরো আলমের পাশাপাশি তার ‘সহযোগী’ আহসান হাবিব সেলিমকে এ মামলায় আসামি করা হয়। তারা দুজনই জামিনে ছিলেন। কিন্তু ঠিকমত আদালতে হাজিরা না দেওয়ায় ‘জামিনের শর্ত ভঙ্গের কারণে’ গত ১২ নভেম্বর গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

এই বিভাগের আরও সংবাদ