খুলনায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ যুবক গ্রেফতার


আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : খুলনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৬ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর ) রাতে রূপসা থানার অন্তর্গত ঢাকা–খুলনা মহাসড়কের কুদির বটতলা মোড় থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত যুবকের নাম হাইদার আলী বাবু (২৭)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার নয়নপুর পশ্চিম পাড়ার আবু জাহের মিয়ার ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, খুলনা সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ১১টা ১০ মিনিটের দিকে অভিযানে অংশ নেয় খুলনা জেলা কার্যালয়ের একটি টিম। ওই সময় কুদির বটতলা মোড় এলাকায় ফুটপাতে দণ্ডায়মান অবস্থায় হাইদার আলী বাবুর হাতে ধরা ব্যাগ থেকে ৬ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
ঘটনার পর খুলনা জেলা কার্যালয়ের খ সার্কেলের উপপরিদর্শক জাহানারা খাতুন বাদী হয়ে রূপসা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, খুলনার উপপরিচালক মোঃ মিজানুর রহমান বলেন, মাদকবিরোধী এধরণের অভিযান অব্যাহত থাকবে।





