কৃষি তথ্য

শ্রীনগরে আগাম লাউ ক্ষেতিতে চমক,খোলাবাজারে দাম চড়া

আরিফুল ইসলাম শ্যামল: মুন্সীগঞ্জের শ্রীনগরে বিভিন্ন স্থানে আগাম লাউ ক্ষেতিতে লাভবান হচ্ছেন উদ্যোক্তরা। বিভিন্ন বাগানবাড়ি কিংবা উঁচু জমিতে দেশী জাতের লাউ চাষ করে চমক সৃষ্টি করেছেন তারা। খোলাবাজারে চাহিদা বেশী থাকায় চড়া দামে বিক্রি হচ্ছে লাউ। আকার আকৃতি ও প্রকার ভেদে লাউয়ের পিস বিক্রি হচ্ছে ৭০-১০০ টাকা পর্যন্ত। স্থানীয় উদ্যোক্তাদের জমি থেকে লাউয়ের পিস পাইকারীভাবে ধরা হচ্ছে ৫০-৭০ টাকা করে।

উপজেলার আটপাড়া, কুকুটিয়া, তন্তর, বীরতারা এলাকার বিভিন্ন উঁচু জমিতে আগাম লাউসহ বিভিন্ন শাক-সবজির আবাদ করতে দেখা গেছে। পতিত জমি, বাড়ির আঙ্গিণা, বাগান বাড়িসহ সড়কের পাশে মাচা করে লাউয়ের আবাদ করা হচ্ছে। মাচায় অসংখ্য লাউ ঝুলে থাকতে লক্ষ্য করা গেছে। উৎপাদিত এসব লাউ ও ডগা পরিবারের চাহিদা পূরণের পাশাপাশি স্থানীয় হাট বাজার বিক্রি করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন তারা।

দেখা গেছে, উপজেলার টুনিয়ামান্দ্রা গ্রামে নিজস্ব বিশাল ডাঙ্গার পাড় জুড়ে আগাম লাউ ও কুমড়ার আবাদ করেছেন উদ্যোক্তা মো. রুবেল খান। ব্যবসার পাশাপাশি লাউ ক্ষেতিতে এলাকায় চমক সৃষ্টি করেছেন। গড়ে প্রতিদিন অন্তত দেড়শতাধিক লাউ বাজারজাত করছেন তিনি। বিবন্দী গ্রামের মোস্তফা মোল্লাও তার জমিতে লাউ ও করলা চাষ করে সারা ফেলেছেন।

পাইকারীভাবে স্থানীয় বাজারের সবজির দোকানীদের কাছে তার জমিতে উৎপাদিত প্রতি পিস লাউ বিক্রি করছেন ৬০-৬৫ টাকা দরে। একই এলাকার আরাফাত রহমান শিমুল, মুসলিমপাড়ার রতন শেখ, বনগাঁও এলাকার মো. মজিবর আগাম লাউসহ ধুন্দল, লাল শাক নানা ধরণের সবজি চাষ করছেন। সংশ্লিষ্ট উদ্যোক্তারা বলছেন, খোলাবাজারে লাউয়ের চাহিদা বেশী। আগাম লাউয়ের উৎপাদন কম হওয়ায় দাম কিছুটা বেশী। লাউয়ের উৎপাদন বাড়লে দাম কমে আসবে। তবে গেল মাসে টানা বৃষ্টিতে লাউসহ শাক-সবজির বাগান ক্ষতি হয়।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় প্রায় সাড়ে ৬শ’ হেক্টর জমিতে লাউসহ নানারকম শাক-সবজির চাষাবাদ হয়। স্থানীয় উদ্যোক্তাদের উচ্চ ফলনশীন সবজি চাষের পরামর্শ দেওয়া হয়।

এই বিভাগের আরও সংবাদ