মাছ চাষে নতুন প্রযুক্তি, বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ নরওয়ের


বাংলাদেশের মৎস্য খাতে আধুনিক প্রযুক্তি ও বিনিয়োগের সম্ভাবনা নিয়ে নরওয়ের সঙ্গে নতুন করে আলোচনা হয়েছে। স্থলভিত্তিক আধুনিক মৎস্যচাষ পদ্ধতি বাংলাদেশে চালুর পাশাপাশি প্রযুক্তি হস্তান্তর ও বিনিয়োগের সুযোগ খতিয়ে দেখতে আগ্রহ প্রকাশ করেছে দেশটি।
মঙ্গলবার (১১ আগস্ট) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্রান্ডসেন। বৈঠকে নরওয়ের আধুনিক মৎস্যচাষ প্রযুক্তি, বিনিয়োগ ও জ্ঞান হস্তান্তরের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
বৈঠকে নরওয়ের মৎস্য প্রযুক্তি প্রতিষ্ঠান নোরাস ওয়াটারটেক এএসের আঞ্চলিক প্রতিনিধি অ্যাজাইল রিসোর্সেসের মাধ্যমে আধুনিক স্থলভিত্তিক মৎস্যচাষ পদ্ধতি উপস্থাপন করা হয়। এ প্রযুক্তির মাধ্যমে সীমিত জায়গায় নিয়ন্ত্রিত পরিবেশে মাছ উৎপাদনের সুযোগ রয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।
নরওয়ের রাষ্ট্রদূত বৈঠকে বাংলাদেশের মৎস্য খাতে বিনিয়োগ এবং আধুনিক প্রযুক্তির জ্ঞান হস্তান্তরের সুযোগ ও সম্ভাবনা অন্বেষণের আগ্রহের কথা জানান।
এ সময় গ্যালান্সের প্রধান নির্বাহী কর্মকর্তা কবীর আহমেদ ভূঁইয়া, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. খালেদ কনক, মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বেবি রানী কর্মকার, নরওয়েজিয়ান দূতাবাসের ডেপুটি হেড অব মিশন আলেকজান্ডার ফাল্ক-বিল্ডেন, অ্যাজাইল রিসোর্সেসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান খান সোহেল উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, নরওয়ের আধুনিক প্রযুক্তি ও বিনিয়োগ বাংলাদেশের মৎস্য খাতে উৎপাদনশীলতা বাড়ানোর পাশাপাশি পরিবেশবান্ধব ও টেকসই মাছ চাষের নতুন সম্ভাবনা তৈরি করতে পারে।



