প্রবাস

বাংলাদেশের খেলা মানেই আবেগ: রোমে মোবাইলে গর্জে উঠলো টাইগার সমর্থকরা

জাহাঙ্গীর আলম চমক, ইতালি প্রতিনিধি: আজকের দিনটা ছিল বিশেষ। এশিয়া কাপ ২০২৫-এর গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হয়েছে শক্তিশালী প্রতিপক্ষ পাকিস্তানের। দেশে যেমন উত্তেজনার পারদ চড়ছে, তেমনি দেশের সীমানা পেরিয়ে, হাজার মাইল দূরে প্রবাসেও বইছে ক্রিকেট উন্মাদনার ঢেউ।

ইতালির রাজধানী রোমে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আজ ছিল এক অন্যরকম আবেগ। কাজের ব্যস্ততা, সময়ের অভাব, সবকিছুকে উপেক্ষা করে হাতে থাকা মোবাইল স্ক্রিনে চোখ রাখেন তারা। কেউ রেস্টুরেন্টের কাজের ফাকে, দোকানের কাজ ফেলে, আবার কেউবা বাসস্ট্যান্ডে দাড়িয়ে। বাংলাদেশের খেলার মুহূর্ত মিস করতে চান না কেউই।

এমনই একটি দৃশ্য দেখা মিলে রোম শহরের একটি বাংলাদেশী দোকানের এক কোণে চেয়ারে বসে খেলা দেখছিলেন মনিরুজ্জামান মনির, তার চোখে-মুখে ছিল গভীর মনোযোগ। পাশে দাড়িয়ে থাকা অন্যরা তার সাথে ভাগ করে নিচ্ছিলেন প্রতিটি মুহূর্তের উত্তেজনা। রকি শিকদারের চোখ যেন মোবাইল স্ক্রিনের প্রতিটি নড়াচড়া অনুসরণ করছে।

রোমের একটি রেস্টুরেন্টে কাজের ফাকে খেলা দেখছেন রায়েল আহমেদ। তিনি বলেন, এইখানে থাকি, তবে মন তো পড়ে থাকে বাংলাদেশেই। খেলা মানেই একটা আবেগ, একটা জাতীয় পরিচয় বয়ে বেড়ানো। পাশে দাড়ানো তার সহকর্মী কবির হোসেন যোগ করেন, “জয় হোক বা পরাজয়, আমরা পাশে থাকি সবসময়। মোবাইলের ছোট স্ক্রিনেই খুজি দেশের বড় ভালোবাসা।”

এই দৃশ্য শুধু রোম নয়, ছড়িয়ে আছে পুরো বিশ্বে। তবে রোম শহরের অলিগলিতে যখন একসাথে জড়ো হন প্রবাসী বাংলাদেশিরা, গলা ফাটিয়ে চিৎকার করেন টাইগারদের সাপোর্টে, তখন মনে হয়, দূরত্ব কোনো বাধা নয়। দেশের প্রতি টান, ভালোবাসা, আবেগ, সবই রয়ে গেছে ঠিক আগের মতো।

বাংলাদেশের প্রতিটি চার-ছয়ে, প্রতিটি উইকেটে উল্লাসে ফেটে পড়েন তারা। মোবাইল ফোন থেকে ছড়িয়ে পড়ে গর্ব, দেশের পতাকার সম্মান আর এক টুকরো বাংলাদেশ।

এই ভালোবাসাই প্রমাণ করে বাংলাদেশ মানে শুধু একটি ভূখণ্ড নয়, এটি একটি অনুভব, এটি এক বিশাল পরিবার। আর সেই পরিবারের ছায়া রোমের প্রবাসী বাংলাদেশিদের হৃদয়ে আজ স্পষ্টভাবে ধরা দিয়েছে।

এই বিভাগের আরও সংবাদ