খুলনার বাস্তুহারায় সংঘর্ষের ঘটনায় ২ মামলা, আসামী ৫০০


আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : খুলনা মহানগরীর খালিশপুর থানাধীন মুজগুন্নি এলাকার বাস্তুহারা কলোনিতে ২১ সেপ্টেম্বর রবিবার উচ্ছেদ অভিযানের সময় পুলিশের সাথে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষের ঘটনায় পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে। দুই মামলার মধ্যে একটিতে ৩৭ জন এবং অপরটিতে ৩২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪০০-৫০০ জনকে আসামী করা হয়েছে।
খালিশপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আতাহার আলী বলেন, বাস্তুহারা কলোনিতে সরকারি কাজে বাঁধা ও হামলার ঘটনায় গত রবিবার রাতে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ এবং পুলিশের পক্ষ থেকে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
প্রসঙ্গত, ২১ সেপ্টেম্বর রবিবার সকালে খুলনা মহানগরীর খালিশপুর মুজগুন্নি বাস্তুহারা কলোনির বয়রা হাউজিং এস্টেট, সি ব্লক (বাস্তুহারা মুক্তিযোদ্ধা কলোনী) নামীয় অবৈধ উচ্ছেদ অভিযানের ঘটনাকে কেন্দ্র করে পুলিশ-কলোনির বাসিন্দাদের মধ্যে ব্যাপক সংর্ঘষ হয়। সংর্ঘষের ঘটনায় গোটা এলাকায় রণক্ষেত্রে পরিণত হয়। বিক্ষুব্ধরা সেখানে টায়ার জ্বালিয়ে , গাছের গুড়ি ফেলে রাস্তা অবরোধ করে রাখে। এ ঘটনায় পুলিশের লাঠি চার্জ এবং স্থানীয়রা ইটপাটকেল নিক্ষেপ করে। এসময় পুলিশ পিছু হটতে বাধ্য হয়। পরে পুলিশ পরিস্থিত নিয়ন্ত্রণে আনার লক্ষ্যে টিয়ারসেল নিক্ষেপ করে। এ সময় উচ্ছেদ অভিযানে যাওয়া বুলডোজার ভাঙচুর ও চালকের উপর হামলা চালানো হয়। পুলিশ ও কলোনির বাসিন্দাদের মধ্যে ব্যাপক সংঘর্ষেও ঘটনায় পুলিশ, সাংবাদিক ও স্থানীয় বাসিন্দাসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়।





