প্রবাস

ইতালিতে ফিলিস্তিনের সমর্থনে বিশাল বিক্ষোভ, অংশ নেয় ৫০ হাজারের বেশি মানুষ

ইতালি প্রতিনিধি: ইতালির রাজধানী রোমে আজ (২২ সেপ্টেম্বর) ফিলিস্তিনের পক্ষে এক বিশাল বিক্ষোভে অংশ নিয়েছেন প্রায় ৫০ হাজার মানুষ। সকাল থেকেই রাজধানীর প্রাণকেন্দ্র ‘পিয়াচ্ছা দেই চিনকুয়েচেন্তো’ (Piazza dei Cinquecento)-তে জমায়েত হতে থাকেন হাজার হাজার আন্দোলনকারী।

প্রতিবাদকারীদের দাবি, অবিলম্বে গাজায় হামলা বন্ধ করতে হবে এবং ফিলিস্তিনের জনগণের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। স্লোগান ছিল— “ফ্রি, ফ্রি প্যালেস্টাইন” এবং “এখন সবকিছু থামিয়ে দাও”।

কয়েক ঘণ্টা ধরে চলা এই বিক্ষোভ মিছিল স্কালো সান লরেঞ্জো (Scalo San Lorenzo) হয়ে শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলো অতিক্রম করে অবশেষে পৌঁছায় রোমের তাঙ্গেনচিয়ালে (Tangenziale) এলাকায়। এই দীর্ঘ মিছিলের ফলে রোমের প্রধান সড়কগুলো কার্যত অচল হয়ে পড়ে।

এর পাশাপাশি, ইউএসবি (USB – Unione Sindacale di Base) নামক শ্রমিক সংগঠনের ডাকে আজ সারাদেশজুড়ে পালিত হয়েছে একটি সাধারণ ধর্মঘট। শুধু রোম নয়, ইতালির ৮০টিরও বেশি শহরে আজ দোকানপাট, কলকারখানা, স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় ছিল বন্ধ। রাজধানী রোমে অ্যাতাক (ATAC) পাবলিক ট্রান্সপোর্টের কর্মীরাও এই ধর্মঘটে সক্রিয় অংশ নেন।

আয়োজকদের দাবি, রোমের বিক্ষোভে অন্তত এক লাখ মানুষ অংশ নিয়েছেন, যদিও সরকারি হিসাব অনুযায়ী সংখ্যাটা ৫০ হাজারের মতো। তবে এটি যে সাম্প্রতিক সময়ে ইউরোপে অনুষ্ঠিত সবচেয়ে বড় ফিলিস্তিনপন্থী মিছিলগুলোর একটি, সে বিষয়ে কোনো সন্দেহ নেই।

অনেক বাংলাদেশি প্রবাসীকেও দেখা গেছে এই বিক্ষোভে অংশ নিতে। তারা বলেন, “গাজায় যা ঘটছে, তা মানবতাবিরোধী অপরাধ। আমরা ইতালিতে থাকলেও ফিলিস্তিনের মানুষের পাশে আছি।”

এই প্রতিবাদ ও ধর্মঘট সামগ্রিকভাবে ইতালির জনজীবনে বড় প্রভাব ফেলেছে। তবে আন্দোলনকারীরা জানান, ফিলিস্তিনের ওপর অব্যাহত আগ্রাসনের প্রতিবাদে তাদের শান্তিপূর্ণ আন্দোলন চলবে।

এই বিভাগের আরও সংবাদ