প্রবাস

ফিলিস্তিনের পক্ষে ইতালির রোম শহরে সমাবেশ: বাংলাদেশি কমিউনিটিসহ ইতালীয়ানদের সরব অংশগ্রহণ

ইতালি প্রতিনিধি: বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকাল ৫টায় রোমের লালন পার্কে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে এক বিশাল সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে ইতালির বিভিন্ন সংগঠনের পাশাপাশি বাংলাদেশি কমিউনিটি “ধূমকেতু” সক্রিয়ভাবে অংশগ্রহণ করে।

সমাবেশের মূল আয়োজকদের মধ্যে ছিলো Comitato BACHCU Libero, যাদের উদ্যোগে শিশুদের জন্য এক বিশেষ চিত্রাঙ্কন কর্মশালার আয়োজন করা হয়। এই কর্মশালায় ইতালিতে বসবাসরত শিশুরা ফিলিস্তিনি শিশুদের প্রতি ভালোবাসা ও সমর্থন জানিয়ে চিত্র আঁকে।

সমাবেশে বিপুল সংখ্যক ইতালীয়ান নাগরিক ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে একাত্মতা প্রকাশ করেন এবং ফিলিস্তিনের মুক্তির দাবিতে স্লোগান দেন।

সমাবেশে বক্তৃতা দেন বিভিন্ন ইতালিয়ান সংগঠনের নেতৃবৃন্দ। বাংলাদেশি সংগঠন “ধূমকেতু”-এর পক্ষ থেকে বক্তব্য রাখেন আব্দুল কাদের রিটন, শারমিন সুবর্ণা ও জারা সিদ্দিকী। তারা বলেন, “আমরা মানবতার পক্ষে, দমন-পীড়নের বিপক্ষে। ফিলিস্তিনের শিশুদের নিরাপদ ভবিষ্যতের জন্য এই সংহতি।”

সন্ধ্যা ৭টার পর মাগরিবের নামাজ আদায় করা হয় এবং এরপরে ফিলিস্তিনি নাগরিকদের ও উপস্থিত সকলের জন্য দোয়া ও খাবারের আয়োজন করা হয়। খাবার পরিবেশনার দায়িত্বে ছিল “অরিয়েন্টাল ফুড”।

রাত ৮টায়, সমাবেশের অংশগ্রহণকারীরা ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে একটি শান্তিপূর্ণ মিছিল বের করেন। পুরো আয়োজনে সহযোগিতা ও সমন্বয়ের দায়িত্ব পালন করেন “ধূমকেতু”-এর প্রধান উপদেষ্টা হাবীব চৌধুরী।

সমাবেশটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় এবং এতে একত্রিত হয় সকল বর্ণ, ভাষা ও জাতির মানুষ – একটিই বার্তা নিয়ে: “ফিলিস্তিনের মুক্তি চাই”।

এই বিভাগের আরও সংবাদ