৬ দিন যাবৎ খুলনার ২ কিশোর নিখোঁজ


আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানাধীন বসুপাড়া এলাকা থেকে গত ১৮ আগস্ট বিকালে নিখোঁজ হয় দুই কিশোর—জিএম সিয়াম আহমেদ (১৫) ও তার বন্ধু মো. মামুন (১৭)। এরপর থেকে তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি।
পরদিন ১৯ আগস্ট সিয়ামের পরিবার সোনাডাঙ্গা মডেল থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি (জিডি) করেন। তবে নিখোঁজের এক পর্যায়ে সিয়ামের মায়ের কাছে অজ্ঞাত ব্যক্তির ফোন আসে। ফোনে সিয়াম কান্নাজড়িত কণ্ঠে বলে— “মা, আমাকে বাঁচাও, এরা আমাকে মেরে ফেলবে।” এরপর জানানো হয় তাদেরকে বগুড়ায় রাখা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই ফোন কেটে যায়।
হঠাৎ এ ঘটনায় দুই পরিবারের মধ্যে নেমে এসেছে গভীর আতঙ্ক। সন্তানদের নিরাপত্তা নিয়ে তারা চরম উৎকণ্ঠায় দিন পার করছেন।
এব্যাপারে সোনাডাঙ্গা মডেল থানার সেকেন্ড অফিসার আ. হাই বলেন, “নিখোঁজ দুই ভিকটিমকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।” এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ কিশোরদের উদ্ধার করা সম্ভব হয়নি ।





