গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন


নাছরুল্লাহ আল কাফী, পিরোজপুর: গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে গলা কেটে নৃশংসভাবে হত্যা ও সারাদেশের সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন, হুমকি ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ আগস্ট) সকাল ১১ টার দিকে পিরোজপুর সাংবাদিক সমাজ এর ব্যানারে জেলার কর্মরত সংবাদকর্মীগণ শহরের টাউন ক্লাব সড়কে এ কর্মসূচি পালন করেন। মানববন্ধনে সভাপতিত্ব করেন পিরোজপুর প্রেসক্লাব সভাপতি ও আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি এ্যাড. এস এম রেজাউল ইসলাম শামীম। সঞ্চালনায় ছিলেন প্রেসক্লাব সহ-সভাপতি ইমাম হোসেন মাসুদ।
এসময় বক্তব্য দেন ইত্তেফাকের স্টাফ রিপোর্টার মুনিরুজ্জামান নাসিম আলি, যুগান্তর প্রতিনিধি এস এম পারভেজ, সংবাদের প্রতিনিধি এ কে আজাদ, ডেইলি অবজারভার প্রতিনিধি জিয়াউল আহসান, সমকাল প্রতিনিধি ফসিউল ইসলাম বাচ্চু, আমাদের সময় প্রতিনিধি খালিদ আবু, ইনকিলাব প্রতিনিধি ওয়াহিদ হাসান বাবু, ভোরের পাতা প্রতিনিধি নাসির উদ্দিন, এশিয়ান এইজ প্রতিনিধি হাসান মামুন, জিটিভি প্রতিনিধি নাঈম তালুকদার, ইন্দুরকানী প্রেসক্লাবের সভাপতি ও নয়া দিগন্ত প্রতিনিধি নাসির উদ্দিন, সংবাদের উপজেলা প্রতিনিধি শফিকুল ইসলাম সোহেলসহ আরও অনেকে।
বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা, হত্যা ও হয়রানিমূলক মামলা গণমাধ্যমের স্বাধীনতা এবং মুক্ত মতপ্রকাশের জন্য বড় ধরনের হুমকি। তারা অবিলম্বে এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। এতে বিভিন্ন স্থানীয় ও জাতীয় গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন এবং হত্যাকাণ্ডের দ্রুত বিচার, অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।





