খুলনার রূপসায় অবৈধ বালু উত্তোলন করায় ২ জনের জেল-জরিমানা


খুলনা ব্যুরো : ৮ আগষ্ঠ শুক্রবার দুপুরে খুলনা জেলার রূপসা উপজেলা এলাকায় অবৈধভাবে আঠারোবেকি নদীর বালু উত্তোলন করার অপরাধে একজনকে ১৫ দিনের জেল এবং অপরজনকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
উপজেলার ঘাটভোগ ইউনিয়নের শিয়ালী আশ্রয়ন প্রকল্পের পাশে আঠারোবেকি নদী এলাকায় অভিযান চালিয়ে উক্ত জেল, জরিমানা করে প্রশাসন।
বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রুপসা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অপ্রতিম কুমার চক্রবর্তী। অভিযান পরিচালনায় সহযোগিতা করেন, শিয়ালী পুলিশ ক্যাম্প ইনচার্জ এস আই প্রদিপ সরকার, এ এস আই আজমির ।
আদালত সূত্রে জানা গেছে, উপজেলার ঘাটভোগ ইউনিয়নের শিয়ালী এলাকায় আশ্রয়ন প্রকল্পের পাশে আঠারোবেকি নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করছিল একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায়। অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারা অনুযায়ী মিশকাত ফকির (৪৫)কে ১৫ দিনের জেল এবং বালু ক্রয়ের দায়ে মোকাররম নামে একজনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মিশকাত ফকির তেরখাদার হাড়িখালি এলাকা এবং বালু ক্রয়কারী মোকাররম রূপসার চাঁদপুর এলাকার বাসিন্দা।
রূপসা থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, খবর পেয়ে অভিযান পরিচালনা করে বালু উত্তোলনের মেশিন জব্দসহ দুইজনকে আটক করতে সক্ষম হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।





