ক্যাম্পাস

‘আওয়ামীপন্থী’ ২১ শিক্ষকের বিচার চায় রাবি ছাত্রদল

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ‘বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের বিরোধিতাকারী’ অভিযোগে আওয়ামী লীগপন্থী ২১ শিক্ষকের বিচারের দাবি জানিয়েছে শাখা ছাত্রদল।

বৃহস্পতিবার (৭আগস্ট) দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে এ দাবি জানায় সংগঠনটি।

এসময় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, উপাচার্য আমাদের সঙ্গে প্রতারণা করে জামায়াতপন্থী শিক্ষকদের নিয়োগ দিয়েছেন। এই নিয়োগের মাধ্যমে তাঁরা রাকসু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে এবং নির্বাচন সুষ্ঠুভাবে না হওয়ার পাঁয়তারা শুরু করেছেন। আমরা বারবার দলকানা ব্যক্তিদের নিয়োগ না দেওয়ার দাবি জানিয়েছি, কিন্তু প্রশাসন আমাদের দাবি উপেক্ষা করে একজন সাবেক শিবির নেতাকে রাকসুর কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ দিয়েছে। এর মধ্য দিয়েই তারা প্রমাণ করেছে, রাকসু নির্বাচনকে একটি সাজানো নাটকে পরিণত করার পরিকল্পনা তাদের রয়েছে।

প্রাধ্যক্ষদের কথা উল্লেখ করে রাহী বলেন, আবাসিক হলগুলোতে জামায়াত ঘরানার শিক্ষকদের নিয়োগ দিয়ে তারা কোটা ব্যবস্থার অপব্যবহার করে ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করেছে। একাডেমিক ফলাফলের ভিত্তিতে আসন বরাদ্দের নামে প্রতারণা করে শিবিরের নেতাকর্মীদের জন্য বিশেষ সুবিধা নিশ্চিত করা হয়েছে। অথচ আমাদের নেতাকর্মী যারা রাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চায়, তাদের আবাসনের ব্যবস্থা এখনও করা হয়নি।

তিনি আরও বলেন, ছাত্রশিবির ব্যানারে একটি সংগঠন গোপন আইডি ব্যবহার করে মিথ্যাচার ছড়িয়ে রাকসুকে রাজনৈতিক নাটকে পরিণত করছে। আমরা চেয়েছিলাম- বাংলাদেশপন্থী সকল রাজনৈতিক সংগঠনের অংশগ্রহণ নিশ্চিত করে একটি অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক রাকসু নির্বাচন হোক। কিন্তু এই প্রশাসন গণতন্ত্রের পথে না হেঁটে আমাদের যৌক্তিক দাবিগুলো অগ্রাহ্য করে চলেছে।

ছাত্রদলের সিনিয়র সহসভাপতি শাকিলুর রহমান সোহাগ বলেন, ছাত্রদল রাকসু বাস্তবায়নে শুরু থেকেই সোচ্চার রয়েছে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশাসন একপাক্ষিক ও ‘জামাতি’। তারা একটি দলের এজেন্ডা বাস্তবায়নের অংশ হিসেবে রাকসু নির্বাচনের উদ্যোগ নিয়েছে। রাকসু নির্বাচনকে তারা আরেকটি রুয়া নির্বাচন বানাতে চায়।

তিনি আরও বলেন,আমরা বারবার দাবি জানিয়েছি হাসিনার দোসর আওয়ামীপন্থী শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের বিচার যেন নিশ্চিত হয়। আওয়ামী দোসরদের বিচার না হলে রাকসু নির্বাচন সুষ্ঠু হতে পারে না।

এই বিভাগের আরও সংবাদ