প্রবাস

কাঠমান্ডুতে বাংলাদেশের রাষ্ট্রদূতের সাথে নেপালি চিকিৎসক প্রতিনিধি দলের সাক্ষাৎ

নেপালে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ শফিকুর রহমানের সাথে গতকাল ২৯শে জুলাই ২০২৫ বিকেলে কাঠমান্ডুস্থ বাংলাদেশ দূতাবাসে ”সোসাইটি ফর নেপালিজ ডক্টরস ফর্ম বাংলাদেশ”- এর প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে নবনিযুক্ত রাষ্ট্রদূতকে চিকিৎসক প্রতিনিধি দল নেপালে স্বাগত ও শুভেচ্ছা জানায়। এ সময় দূতাবাসের কাউন্সিলর (রাজ) ও মিশন উপপ্রধান মোঃ শোয়েব আবদুল্লাহ, কাউন্সিলর (কনস্যুলার) মোহাম্মদ সৈয়দ হোসেন, চিকিৎসক সোসাইটির সভাপতি ডাঃ রাকেশ শাহ, সচিব ডাঃ নেহাল আশরাফ, ডাঃ দীপক খাড়কা, ডাঃ সতীশ কুমার সাহ এবং ডাঃ সুনীল প্রধান উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত মোঃ শফিকুর রহমান, নেপাল ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারে তাঁর প্রতিশ্রুতি ব্যক্ত এবং এতে চিকিৎসকদের সহযোগিতা কামনা করেন। তিনি সহযোগিতামূলক কর্মসূচির মাধ্যমে চিকিৎসক দের পেশাগত দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে করণীয় উদ্যোগসহ চিকিৎসক সোসাইটির সামগ্রিক উন্নয়নে তাঁর পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।

এছাড়াও, প্রতিনিধি দল, বর্তমানে বাংলাদেশে স্নাতকোত্তর অধ্যয়নরত নেপালি চিকিৎসকদের জন্য বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিশ্রুত: উপবৃত্তি প্রদানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহনে অনুরোধ জানান এবং রাষ্ট্রদূত তাতে ইতিবাচক মত পোষণ করেন।

চিকিৎসকরা শীঘ্রই রাজধানী কাঠমান্ডুতে বাংলাদেশ থেকে এমবিবিএস সম্পন্ন করা নেপালি চিকিৎসকদের শীগ্রই পুনর্মিলনী আয়োজনের বিষয়েও আলোচনা করেন।

উল্লেখ্য, বাংলাদেশের মেডিকেল কলেজ ও মেডিকেল বিশ্ব বিদ্যালয়ে এমবিবিএস এবং উচ্চতর শিক্ষা গ্রহণ করা নেপালি চিকিৎসকের সংখ্যা প্রায় ৮ হাজার যারা নেপালের চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে ভূমিকা রেখে চলেছেন।

বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত নেপাল-এর স্বাস্থ্যখাতে চিকিৎসকের অগ্রণী ভূমিকায় ভূয়সী প্রশংসাসহ তাদের উত্তরোত্তর সফলতা কামনা করেন

এই বিভাগের আরও সংবাদ