গণমাধ্যম

রামপুরায় অস্ত্র ছিনতাই মামলার আসামি গ্রেফতার: অস্ত্র ও ১১ রাউন্ড গুলি উদ্ধার

রামপুরা এলাকায় এক ঠিকাদারের লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র ও গুলি ছিনতাইয়ের ঘটনায় রুজুকৃত মামলার আসামিকে রাজধানীর উত্তরা এলাকা থেকে গ্রেফতার করেছে রামপুরা থানা পুলিশ। গ্রেফতারকৃত যুবকের নাম ইয়াসিন পাটোয়ারী (২৪)। তার হেফাজত থেকে ছিনতাইকৃত একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও ১১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

ডিএমপির রামপুরা থানা সূত্রে জানা যায়, চলতি মাসের ২১ তারিখে রাত আনুমানিক ১:৩০টার দিকে ঠিকাদার মো. আমিরুল ইসলাম বনশ্রী মেইন রোডে আবেশ হোটেলের সামনে গাড়ি থামিয়ে অসুস্থতাবোধ করলে তার ড্রাইভার ও পাশের এক অজ্ঞাত যুবক তাকে ধরে গাড়িতে বসান। ওই যুবক নিজেকে ইয়াসিন নামে পরিচয় দেন এবং পরবর্তীতে গাড়িতে চড়ে বসেন।

বাসায় পৌঁছানোর পর আমিরুল ইসলাম রিসিপশনে দাঁড়ালে তাকে গাড়ি থেকে নামতে বলা হয়। সে সময় কথার একপর্যায়ে ইয়াসিন তার হাতে থাকা লাইসেন্সকৃত পিস্তলটি জোরপূর্বক ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।

ঘটনার পরপরই ভুক্তভোগী আমিরুল ইসলাম রামপুরা থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, আসামি ইয়াসিন পাটোয়ারী দক্ষিণখান থানাধীন পশ্চিমপাড়া আশকোনা এলাকার রোড নং-০২, বাসা নং-৩৬-এর একটি ভাড়া ফ্ল্যাটে আত্মগোপনে রয়েছেন।

পুলিশ জানায়, ২৪ জুলাই রাত ৯:৩০টার দিকে অভিযানে গিয়ে তাকে ওই ফ্ল্যাট থেকে গ্রেফতার করা হয়। পরে ঘরের শয়নকক্ষে বালিশের নিচে লুকানো অবস্থায় উদ্ধার করা হয় ছিনতাইকৃত পিস্তল, ম্যাগাজিন ও ১১ রাউন্ড গুলি। গ্রেফতারকৃত ইয়াসিন পাটোয়ারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে রামপুরা থানা পুলিশ।

এই বিভাগের আরও সংবাদ