দ্রুত শিক্ষা কার্যক্রম চালুর জন্য ও ভিসি নিয়োগের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত


আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ( কুয়েটে) দ্রুত শিক্ষা কার্যক্রম চালু করার জন্য অনতিবিলম্বে ভাইস-চ্যান্সেলর নিয়োগের দাবিতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দের যৌথ উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
২৩ জুলাই বুধবার বেলা সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের দুর্বার বাংলা পাদদেশে অনুষ্ঠিত উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি প্রফেসর ডঃ সাহিদুল ইসলাম।
মানববন্ধন কর্মসূচি চলাকালীন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. ফারুক হোসেন বলেছেন, বিশ্ববিদ্যালয়ের নিয়ম কানুন অনুযায়ী ছোট ছোট কাজ থেকে কোন কিছুই ভাইস চ্যান্সেলরের অবর্তমানে করা সম্ভব নয়। একই সাথে যে নিরাপত্তা ও শৃঙ্খলাজনিত ঝুঁকির মধ্যে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ আছে, এই ঝুঁকিগুলোর দায়িত্ব নেওয়ার জন্য একজন অভিভাবক দরকার।
তিনি বলেন, একজন গাড়ির চালক থাকলে তারপর আমরা তাকে সহযোগিতা করতে পারি। কিন্তু সেই জায়গায় অন্য কেউ বসে দায়িত্ব নিতে পারবে না।
তিনি বিশ্ববিদ্যালয়ের চলমান অচলাবস্থা নিরসন এবং দ্রুত শিক্ষা কার্যক্রম চালু করার জন্য অনতিবিলম্বে ভাইস-চ্যান্সেলর নিয়োগের দাবী জানান।
কুয়েট শিক্ষক সমিতি উক্ত মানববন্ধনের আয়োজন করে।





