খুলনা

খুলনায় বিষাক্ত মদপানে আরও ২ গরু ব্যবসায়ীর মৃত্যু

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার থুকড়া গ্রামে বিষাক্ত মদপানে দু’জন গরু ব্যবসায়ীর মৃৃত্যু হয়েছে বলে জানা গেছে । নিহতরা হলেন– রবিউল গাজী (৩৫) ও রাসেল সরদার (৩০) ।

উক্ত ঘটনায় আরও কয়েকজন গুরুতর অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত রবিউল গাজী (৩৫) থুকড়া গ্রামের বাসিন্দা রেজওয়ান গাজীর ছেলে এবং রাসেল সরদার (৩০) একই এলাকার জামির সরদারের ছেলে।

এছাড়া এ ঘটনায় একই এলাকার আরও কয়েকজন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। এদের মধ্যে এনামুল সরদার, মুকুল বিশ্বাসসহ অনেকে তথ্য গোপন রেখে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে কোন এক সময় দলবেঁধে তারা থুকড়া বাজারে রেকটিফাইড স্পিরিট জাতীয় এ্যালকোহল সেবন করে। ফলে তারা সবাই অসুস্থ হয়ে পড়েন। একই রাতে রবিউল গাজীর অবস্থার অবনতি হলে তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তার অবস্থা গুরুতর হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিউল গাজীর মৃত্যু হয়।

অপরদিকে অসুস্থ অবস্থায় শনিবার বিকালে রাসেল সরদারকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ১৯ জুলাই শনিবার রাত সাড়ে এগারোটার দিকে রাসেলের মৃত্যু হয়। সকালে তার মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়।

রাসেলের বাবা জামির সরদার বলেন, ‌‘ছেলেটা বাড়িতে অসুস্থ হয়ে পড়ে তাই হসপিটালে এনে ভর্তি করি। কিছু খাইছে কিনা আমি জানি না।’

একটি সূত্র থেকে জানা যায় , উক্ত এলাকায় মাদকের জমজমাট ব্যবসা চলছে। বেশ কয়েকজন ডিলারের মাধ্যমে এলাকায় এ ধরনের মাদক সরবরাহ করা হয়। এ ব্যাপারে ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানা বলেন, ঘটনাটি শুনেছি।

এই বিভাগের আরও সংবাদ