সাকিব রায়হানের পরিবারের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দিলেন কেসিসি প্রশাসক


আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক মো: ফিরোজ সরকার ১৮ জুলাই শুক্রবার সকালে খুলনা মহানগরীর বুসপাড়া কবরস্থানে ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহিদ শেখ মো: সাকিব রায়হানের কবর জিয়ারত করেন।
কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শরীফ আসিফ রহমান, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকর্তা এসকেএম তাছাদুজ্জামান, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদ, কালেক্টর অব ট্যাক্সেস মো: আব্দুল মাজেদ মোল্যা, লাইসেন্স অফিসার খান হাবিবুর রহমান, ডিসিটি কাজী মো: ইমরুল হাসান, নিরাপত্তা সুপার মো: আলমগীর কবির বিশ্বাস, শহিদ শেখ মো: সাকিব রায়হানের পিতা শেখ মো: আজিজুর রহমান ও মাতা নুরনাহার বেগমসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খুলনা মহানগর ও জেলা কমিটির নেতৃবৃন্দ, জুলাই যোদ্ধা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শেখ মো: সাকিব রায়হান ২০২৪ সালের ১৯ জুলাই ঢাকাস্থ মিরপুর ১০ নম্বরে ফ্যাসিস্ট সরকারের পদত্যাগের এক দফার আন্দোলনে অংশগ্রহণ করেন এবং পুলিশের সাথে আন্দোলনকারীদের এক সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শহিদ হন। ২০ জুলাই খুলনা মহানগরীর বসুপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়। নগরীর ১৮নং ওয়ার্ডস্থ গোলাম মোক্তাদির সড়কের নবপল্লী এলাকার বাসিন্দা শেখ মো: সাকিব রায়হান ঢাকা মিরপুরস্থ বায়তুল সবুর মাদরাসার হেফজ বিভাগের ছাত্র ছিলেন।
কবর জিয়ারত শেষে প্রশাসক মো: ফিরোজ সরকার সাবিক রায়হানের পরিবারের হাতে কেসিসি’র পক্ষ থেকে আর্থিক সহায়তার চেক তুলে দেন।





