খুলনা

থ্রি-জিরো ক্লাব আইডিয়েশন চ্যালেঞ্জে দেশসেরা খুবি শিক্ষার্থীদের দল

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : সিটি ব্যাংক, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এবং ইউনূস সেন্টারের যৌথ আয়োজনে অনুষ্ঠিত থ্রি-জিরো ক্লাব আইডিয়েশন চ্যালেঞ্জ ২০২৫-এ দেশসেরা হওয়ার গৌরব অর্জন করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দল ‘ইকো সেন্টিনেলস বাংলাদেশ’। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে অংশ নেওয়া দুই শতাধিক দলের মধ্য থেকে অসাধারণ সাফল্য ও উদ্ভাবনী চিন্তাশক্তির স্বীকৃতিস্বরূপ দলটি চ্যাম্পিয়ন হওয়ার মর্যাদা অর্জন করে।

এই প্রতিযোগিতার মূল প্রতিপাদ্য ছিল- ‘শূন্য কার্বন নিঃসরণ’, ‘শূন্য বেকারত্ব’ ও ‘শূন্য বর্জ্য’- এই তিনটি বৈশ্বিক সংকটের সমাধানে টেকসই ও কার্যকর ধারণা উপস্থাপন। খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নেতৃত্বে গঠিত ‘ইকো সেন্টিনেলস বাংলাদেশ’ শুরু থেকেই স্বতন্ত্র চিন্তা, বাস্তবভিত্তিক পরিকল্পনা ও সৃজনশীল উপস্থাপনার মাধ্যমে বিচারকমণ্ডলীর দৃষ্টি আকর্ষণ করে। দলের উদ্ভাবনী প্রকল্পে পরিবেশ সংরক্ষণ, পুনর্ব্যবহারযোগ্য শক্তি ব্যবহার এবং বর্জ্য ব্যবস্থাপনার টেকসই পদ্ধতি তুলে ধরা হয়, যা শহর ও গ্রামীণ পর্যায়ে সহজে বাস্তবায়নযোগ্য এবং জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

চ্যাম্পিয়ন দলের সদস্যরা হলেন- খুলনা বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের ’২০ ব্যাচের শিক্ষার্থী মো: রেজওয়ানুল ইসলাম শুভ ও সাব্বির আহাম্মদ, ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের ’২১ ব্যাচের শিক্ষার্থী অন্তরা দাস এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মো. রবিউল হোসেন।

এই বিভাগের আরও সংবাদ