সাতক্ষীরার আদালতে ইভ্যালির সিইও রাসেলের ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড


খুলনা প্রতিনিধি : চেক প্রতারণার মামলায় ইভ্যালির সিইও মোহাম্মাদ রাসেলকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন সাতক্ষীরার যুগ্ম জেলা জজ প্রথম আদালত। একই সাথে তাকে চেকে বর্ণিত টাকার সমপরিমান জরিমানা করা হয়েছে। ২২ জুন রবিবার বিকাল ৩টায় সাতক্ষীরা যুগ্ম জেলা জজ প্রথম আদালতের বিচারক মোঃ হাবিবুর রহমান উক্ত রায় ঘোষণা করেন ।
সাতক্ষীরা যুগ্ম জেলা জজ আদালতের অতিরিক্ত পিপি এ্যাডভোকেট এ বিএম ইমরান (শাওন) বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
মামলার বিবরণে জানা যায়, সাতক্ষীরা পৌরসভার রাজার বাগান এলাকার শেখ আব্দুল ওয়াজেদ কচির ছেলে শেখ তানজির আহমেদ ব্যক্তিগত প্রয়োজনে ইভ্যালিতে একটি এ্যাপাচি ১৬০ সিসির সিঙ্গেল ডিস্ক মোটরসাইকেল অর্ডার ও ক্রয়মূল্য পরিশোধ করেন।মোটরসাইকেলটি নির্ধারিত সময়ের মধ্যে সরবরাহ করতে না পারায় ইভ্যালি কর্তৃপক্ষ তাকে এক লাখ ৫৫ হাজার টাকার একটি চেক প্রদান করে। চেকটি নগদায়নের সর্বশেষ তারিখ ছিল ২০২২ সালের ১১ জানুয়ারী। পরবর্তীতে বাদী চেকটি তার নিজ হিসাবে জমা দিলে চেকটি ডিজঅনার হয়। চেকটি ডিজঅনারের বিষয়ে ইভ্যালিকে লিগ্যাল (ডিমান্ড) নোটিশ পাঠানো হয়। ২০২২ সালের ৩০ জানুয়ারী তারিখে ইভ্যালি কর্তৃপক্ষ নোটিশটি গ্রহণ করে। কিন্তু তারা বাদীর পাওনা অর্থ পরিশোধের কোনো উদ্যোগ না নেওয়ায় প্রতারিত হয়ে বাদী সাতক্ষীরা আমলী ১নং আদালতে ইভ্যালির সিইও মোহাম্মাদ রাসেলের বিরুদ্ধে এনআই অ্যাক্টে একটি মামলা দায়ের করেন।
এ মামলায় আদালত ২২ জুন রবিবার ইভ্যালির সিইও মোহাম্মাদ রাসেলকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড ও চেকে বর্ণিত টাকার সমপরিমান জরিমানা করেছেন। তবে, রায় ঘোষণাকালে আসামী মোহাম্মাদ রাসেল আদালতে অনুপস্থিত ছিলেন ।





