বর্ষায় শিশুমৃত্যু বেড়ে যায় কয়েকগুণ: আপনার শিশুর দিকে নজর দিন


আরফান আলী: এখন বর্ষাকাল। চারদিকে পানি থৈ থৈ করছে। এই সময় প্রকৃতি যেমন সুন্দর রূপে ধরা দেয়, তেমনি লুকিয়ে থাকে নানা দুর্ঘটনার আশঙ্কা। বিশেষ করে আমাদের আদরের শিশুরা বর্ষার পানিতে খেলার আনন্দে মেতে ওঠে। কিন্তু এই সামান্য অসচেতনতা প্রাণ নিয়ে নিতে পারে আমাদের প্রিয় সন্তানের।
এরই মর্মান্তিক প্রমাণ মিলেছে শেরপুরের শ্রীবরদীতে। গত ১৭ জুন দুপুরে উপজেলার বটতলা মৃদাবাড়ি এলাকায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানান, বৃষ্টির মধ্যে শিশুরা বাড়ির পাশে জমে থাকা পানিতে গোসল করতে নামে। এরপর থেকে তারা নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজির পর সকালে মাইকিং এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ছড়িয়ে দেওয়া হয়। অবশেষে একটি মাছের খামারে ভেসে ওঠে শিশু দুটির নিথর দেহ। এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) তথ্য অনুযায়ী, পানিতে ডুবে মৃত্যু সারা বিশ্বে আঘাতজনিত শিশুমৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ। প্রতিবছর বিশ্বে তিন লাখ ৫৯ হাজার ৪০০ জন মানুষ পানিতে ডুবে মারা যান, যাদের ২০ শতাংশই পাঁচ বছরের নিচে। বাংলাদেশে এক থেকে চার বছর বয়সী শিশুমৃত্যুর ৪৩ শতাংশের কারণ পানিতে ডোবা। প্রতিদিন দেশে গড়ে ৫০ জন মানুষ পানিতে ডুবে মারা যান, যাদের মধ্যে ৩২ জনই চার বছরের কম বয়সী শিশু।
এক গবেষণায় দেখা গেছে, দিনের প্রথম ভাগে শিশুদের নিবিড় তত্ত্বাবধানে রাখলে পানিতে ডুবে শিশুমৃত্যুর হার ৭০ শতাংশ কমানো সম্ভব। এজন্য গ্রামভিত্তিক শিশু দিবাযত্ন কেন্দ্র কার্যকর ভূমিকা রাখছে।
বর্ষায় শিশুদের জন্য যা যা করবেন:
১.শিশুকে ঘরের ভেতরে ব্যস্ত রাখতে খেলনা কিনে দিন।
২.সন্তান কোথায় যাচ্ছে নজর রাখুন।
৩.ছোট শিশুকে কখনোই একা বা চোখের আড়ালে যেতে দেবেন না।
৪.আশপাশের পানি জমা স্থানগুলো নিরাপদ কিনা তা খেয়াল রাখুন।
৫.প্রয়োজনে গ্রাম বা মহল্লায় সমন্বিতভাবে সচেতনতা তৈরি করুন।
মনে রাখবেন “একটি দুর্ঘটনা সারাজীবনের কান্না”। বর্ষার আনন্দ যেন বেদনায় রূপ না নেয়, আসুন সবাই মিলে সচেতন হই।





