গোসল ফরজ অবস্থায় যেসব কাজ হারাম


পবিত্রতা ঈমানের অঙ্গ। এর অন্যতম অনুষঙ্গ হচ্ছে গোসল। এটি আরবি শব্দ। এর অর্থ হচ্ছে পুরো শরীর ধোয়া। ইসলামি শরিয়তের পরিভাষায়– পবিত্রতা ও আল্লাহর নৈকট্য পাওয়ার উদ্দেশ্যে পবিত্র পানি দিয়ে পুরো শরীর ধোয়াকে গোসল বলা হয়।
বিশেষ কিছু কারণে গোসল করা ফরজ হয়ে যায়। ফরজ গোসলের সময় কুলি করা, নাকি পানি দেয়া ও পুরো শরীর ভালোভাবে ধৌত করা ফরজ। নাকে পানি না পৌঁছলে বা কুলি না করলে ফরজ গোসল সম্পন্ন হয় না। ফরজ গোসলের সময় শরীরের বাহ্যিক সব জায়গায় পানি পৌঁছা জরুরি। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেছেন,
وَ اِنۡ كُنۡتُمۡ جُنُبًا فَاطَّهَّرُوۡا অর্থ: যদি তোমরা অপবিত্র হও তাহলে ভালোভাবে পবিত্রতা অর্জন করো। (সুরা মায়েদা, আয়াত: ৬)
ফুকাহায়ে কেরাম বলেন, গোসল ফরজ হলে সেই গোসল না করে নামাজ, তাওয়াফ, কোরআন তিলাওয়াত ও কোরআন স্পর্শ করা এবং মসজিদে যাওয়া নিষিদ্ধ। এছাড়া অন্যান্য কাজ প্রয়োজনে করা যেতে পারে।
বিখ্যাত সাহাবি হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, তার সঙ্গে মদিনার কোন এক পথে রাসূল সা.-এর দেখা হল। আবু হুরায়রা (রা.) তখন জানাবাতের (গোসল ফরজ) অবস্থায় ছিলেন।
তিনি বলেন, আমি নিজেকে নাপাক মনে করে সরে পড়লাম। পরে আবু হুরায়রা (রা.) গোসল করে এলেন।
পুনরায় সাক্ষাৎ হলে রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা! কোথায় ছিলে? আবু হুরায়রা (রা.) বললেন, আমি জানাবাতের অবস্থায় আপনার সঙ্গে বসা সমীচীন মনে করি নি।
নবীজী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
سبحان الله ، إن المسلم لا ينجس সুবহানাল্লাহ্! মুমিন নাপাক হয় না। (বুখারি, হাদিস: ২৭৯)
গোসল ফরজ অবস্থায় অন্যান্য কাজ একেবারে নিষেধ না হলেও কোনো কাজ করার আগে গোপনাঙ্গ ধুয়ে নেয়া ও ওজু করে করে নেয়ার কথা একাধিক হাদিসে এসেছে। হজরত আয়েশা (রা.) থেকে বর্ণিত, রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল ফরজ অবস্থায় পানাহার কিংবা ঘুমানোর ইচ্ছা করলে নামাজের ওজুর মত অজু করে নিতেন। (মুসলিম, হাদিস: ৩০৫)
গোসলের ফরজ তিনটি
১. কুলি করা। (বুখারি)
২. নাকে পানি দেয়া। (ইবনে মাজাহ)৩
৩. পূর্ণ শরীর পানি দিয়ে এমনভাবে ধোয়া, যাতে দেহের চুল পরিমাণ জায়গাও শুকনো না থাকে। (আবু দাউদ)
ফরজ গোসলের নিয়ম
১. মনে মনে অপবিত্রতা দূর করার নিয়ত করা ও বিসমিল্লাহির রাহমানির রহিম বলে গোসল শুরু করা।
২. উভয় হাতের কবজি পর্যন্ত ধোয়া।
৩. বাঁ হাতে পানি দিয়ে লজ্জাস্থান পরিষ্কার করা।
৪. কাপড়ে বা শরীরের কোনো অংশে নাপাক কিছু লেগে থাকলে তা ধুয়ে নেয়া।
৫. পা ধোয়া ছাড়া অজু করে নেয়া।
৬. গোসলের তিন কাজ — কুলি করা, নাকে পানি দেয়া এবং পুরো শরীর ভালোভাবে ধুয়ে নেয়া, যাতে শরীরের একটি লোমকূপও শুকনো না থাকে।
৭. গোসলের স্থান থেকে একটু সরে এসে উভয় পা ভালোভাবে ধোয়া।
রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুণ্যবতী স্ত্রী হযরত মায়মুনা (রা.) বলেছেন,
আমি রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য গোসলের পানি রাখলাম। তা দিয়ে তিনি ফরজ গোসল করলেন। প্রথমে পানি ঢালার পাত্র ডান হাতের ওপর কাত করে দুই বা তিনবার ধৌত করলেন। অতঃপর লজ্জাস্থানের ওপর পানি ঢেলে বাম হাত দিয়ে ধৌত করলেন। পরে মাটির ওপর হাত ঘষে (দুর্গন্ধমুক্ত হওয়ার জন্য) তা পানি দিয়ে ধৌত করলেন। অতঃপর কুলি করলেন এবং নাক পরিষ্কার করলেন। অতঃপর মুখমণ্ডল ও দুই হাত ধৌত করলেন। অতঃপর মাথা ও পূর্ণ শরীরে পানি ঢাললেন। সবশেষে ওই স্থান থেকে অল্প দূরে সরে গিয়ে উভয় পা ধৌত করলেন। (আবু দাউদ: ২৪৫)





