খুলনা

খুলনা সদর থানার সাবেক ওসি হাসান আল মামুন কারাগারে; ডিম-পঁচা আম নিক্ষেপ

খুলনা ব্যুরো : খুলনা মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ফখরুল আলমের করা মামলায় খুলনা সদর থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুনকে কারাগারে পাঠানো হয়েছে।

১৫ জুন রবিবার খুলনা মহানগর দায়রা জজ মোঃ শরীফ হোসেন হায়দার তার জামিনের আবেদন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

খুলনা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ কে এম শহিদুল আলম জানান, এই মামলায় হাসান আল মামুন উচ্চ আদালতের জামিনে ছিলেন। উচ্চ আদালতের নির্দেশে রোববার তিনি খুলনা মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করেন। এ সময় তার আইনজীবীরা জামিনের আবেদন করলেও, পিপি শহিদুল আলম জামিনের বিরোধিতা করেন। আদালত উভয় পক্ষের শুনানি শেষে জামিনের আবেদন নামঞ্জুর করে মামুনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

একপর্যায়ে আদালত চত্বরে উপস্থিত বিএনপি নেতাকর্মীরা সাবেক ওসি হাসান আল মামুনকে লক্ষ্য করে ডিম ও পঁচা আম নিক্ষেপ করেন। এ সময় তারা তার শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে সেনা সদস্যরা নেতাকর্মীদের সরিয়ে দেন।

মামলার অভিযোগে জানা যায়, ২০২২ সালের ৫ জানুয়ারি কে ডি ঘোষ রোডের দলীয় কার্যালয়ের সামনে বিএনপির একটি সমাবেশে পুলিশ লাঠিচার্জ করে। অভিযোগ উঠেছে, সেই সময় তৎকালীন ওসি হাসান আল মামুন নিজেই ফখরুল আলমকে বেদম মারধর করেন। লাঠির আঘাতে ফখরুল আলমের একটি চোখ নষ্ট হয়ে যায়। এই ঘটনায় ২০২৪ সালের ১৯ আগস্ট ফখরুল আলম নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে মামুনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন।

এই বিভাগের আরও সংবাদ