খুলনায় সড়ক দুর্ঘটনায় নিহত ২ ; আহত ৪


খুলনা ব্যুরো : খুলনা মহানগরীর খান জাহান আলী সেতু (রূপসা সেতু’র) পশ্চিম প্রান্তে দারোগার লীজ নামক স্থানে ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। এ সময়ে আহত হয়েছে আরও চারজন। ৯ জুন সোমবার সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন — ইজিবাইক চালক রফিকুল ইসলাম ( ৫৬) ও যাত্রী তানজিল (১২)।
আহতরা হলেন –নিহত তানজিলের বড় ভাই মোঃ জিহাদ (২৮), ট্রাকের যাত্রী মোঃ জালাল (৪৮),ট্রাকের হেল্পার মোঃ ইমন (১৬) ও ট্রাক চালক মোঃ আল আমিন (২০)।
কেএমপি’র লবণচরা থানা ক্যাম্প ইনচার্জ (আইসি) উপ-পরিদর্শক মোঃ আব্দুর রহিম জানান, সোমবার ভোরের দিকে চাদপুর থেকে কয়েকজন খুলনায় আত্মীয়ের বাড়ি আসছিল। বাস থেকে নেমে তারা ইজিবাইকে করে রং সাইড হয়ে ( ডান দিক দিয়ে) যাচ্ছিল। এ সময়ে বাগেরহাট থেকে একটি ট্রাক তাদেরকে ধাক্কা দিলে ইজিবাইক চালক রফিকুল ইসলাম ও যাত্রী তানজিল নিহত হন।
এ সময়ে আহত হন ইজিবাইকের আরও ৪ যাত্রী। আহতদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।





