খুলনা

জলাবদ্ধতা নিরসনে ডুমু‌রিয়ার শৈলমারি স্লুইস গেটে উচ্চ ক্ষমতার দুটি পাম্প চালু

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : দেশের দ্বিতীয় বৃহত্তম বিল, বিল ডাকাতিয়াসহ খুলনার ডুমুরিয়া-ফুলতলার জলাবদ্ধতা নিরসনে শৈলমারি ১০ ভেন্টের স্লুইস গেটে উচ্চ ক্ষমতা সম্পন্ন দুটি সেচ পাম্প বসানো হয়েছে।

৫ জুন বৃহস্পতিবার দুপুরে পাম্পের পরীক্ষামূলক পানি অপসারণ কার্যক্রম পরিদর্শন করেছেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। এ সময় উপজেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাসহ স্থানীয় অধিবাসীরা উপস্থিত ছিলেন।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, গত বছর অতিবৃষ্টির প্রভাবে বিল-ডাকাতিয়াসহ ডুমুরিয়া ও ফুলতলার প্রায় ২৬টি বিল ও ৪০টি গ্রাম জলাবদ্ধতার শিকার হয়। জলাবদ্ধতার কারণে কয়েক হাজার মৎস্য ঘের জলমগ্ন হয়ে ভেসে যায়। ক্ষতিগ্রস্ত হন মাছ চাষী, কৃষকসহ অন্যান্য পেশাজীবীরা। কয়েক হাজার বসতবাড়ি, রাস্তা-ঘাট তলিয়ে যায়। সেসময় ডুমুরিয়া উপজেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড, বিএডিসিসহ সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো আপদকালিন সেচের ব্যবস্থা করে।

এরকম পরিস্থিতিতে এলাকাবাসী ও ভূক্তভোগিদের দাবির মুখে উচ্চ ক্ষমতা সম্পন্ন পাম্প বসানোর প্রতিশ্রুতি দেয়া হয়। তারই অংশ হিসেবে ২ কোটি ৭৮ লাখ টাকা ব্যয়ে জার্মানী থেকে ২টি সেচ পাম্প ক্রয় করে গত ২ জুন স্থাপন করা হয়। ৩৫ কিউসেক ক্ষমতা সম্পন্ন প্রতিটি পাম্প দিয়ে প্রতি সেকেন্ডে ১ হাজার লিটার পানি অপসারিত হওয়া সম্ভব বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।

৫ জুন বৃহস্পতিবার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম পানি অপসারণ কার্যক্রম পরিদর্শনে যান। এ সময়ে উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন, সহকারি কমিশনার (ভূমি) অপ্রতিম কুমার চক্রবর্তী, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ আশরাফুল আলম।

এই বিভাগের আরও সংবাদ