খুলনায় মাদকের মামলায় যুবকের যাবজ্জীবন কারাদন্ড


খুলনা ব্যুরো প্রধান: মাদকের মামলায় খুলনার আদালতে মোঃ মমিনুর রহমান ওরফে মোহন (২৩) নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে । পাশাপাশি তাকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ মাসের সশ্রম কারাদন্ড দেওয়া হয়।
সাজাপ্রাপ্ত আসামী মমিনুর রহমান যশোর জেলার পালবাড়ি মুর্তির মোড়ের বাসিন্দা মোঃ শাহাজাহান আলীর ছেলে। রায় ঘোষণার সময় আসামী আদালতে অনুপস্থিত ছিলো।
২৮ মে বুধবার দুপুরে খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক সুমি আহমেদ উক্ত রায় ঘোষণা করেন।
আদালত সূত্রে জানা যায় , ২০১৪ সালের ২৯ মে সকাল ৮ টার দিকে খুলনা নগর পরিবহনের ( টাউন সার্ভিসের) একটি বাস খানজাহান আলী থানাধীন পথের বাজার চেকপোষ্টের সমানে দিয়ে ফুলতলা থেকে খুলনার দিকে যাচ্ছিল। উক্ত পরিবহনের মাঝামাঝি বসা একজন যাত্রীকে পুলিশের সন্দেহ হলে পথেরবাজার চেকপোষ্টে নামানো হয় এবং তার হাতে থাকা প্লাস্টিকের বাজারের ব্যাগ থেকে ৩০ বোতল ফেনসিডিল বের করে দেয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে মমিনুর স্বীকার করে যে, সে ফেন্সিডিল বিক্রির উদ্দেশ্যে খুলনায় নিয়ে যাচ্ছে।
ফেনসিডিল উদ্ধারের ঘটনায় কেএমপি’র খানজাহান আলী থানার এসআই মোঃ সালাউদ্দিন মোল্লা বাদি হয়ে মাদক আইনে একটি মামলা দায়ের করেন যার নং ৬। তদন্ত কর্মকর্তা খানজাহান আলী থানার এসআই মোঃ সিরাজুল ইসলাম একই বছরের ৩১ জুলাই মমিনুরকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করলে আদালত তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন।





