খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবকের মৃত্যু


খুলনা ব্যুরো : খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে গোলাম হোসেন (২৫) নামের এক যুবক নিহত হয়েছে। ২৫ মে রবিবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানা এলাকার ২২ তলা ভবণের পাশে একটি গলিতে ঘটনাটি ঘটে।
নিহত যুবকের লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। নিহত যুবক হরিণটানা থানাধীন ময়ুর আবাসিক এলাকার বাসিন্দা মো: আলী হোসেনের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে পূর্ব শত্রুতার জেরে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা সোনাডাঙ্গা থানাধীন ২২ তলা ভবণের পাশের গলিতে গোলামের ওপর হামলা চালায়। দুর্বৃত্তের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে গোলামের পেটের মাঝখানে আঘাত করে পালিয়ে যায়। এতে তার পেটের নাড়ি বের হয়ে যায়। উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
একটি সূত্র থেকে জানা যায়, উক্ত যুবক পুলিশের সোর্স হিসেবে কাজ করতো। সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো: মিজানুর রহমান বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করে বলেন, রবিবার রাত সাড়ে ১২ টার দিকে ঘটনাটি ঘটে। ৩/৪ জন যুবক তার ওপর দেশীয় তৈরি অস্ত্র নিয়ে হামলা চালায়। রাত আনুমানিক দেড়টার দিকে তার মৃত্যু হয়। দুর্বৃত্তের ছুরিকাঘাতে গোলামের পেটের নাড়িভুড়ি বের হয়ে যায়।
এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানা গেছে ।





