খুলনা

খুলনায় হাত পা বাধা অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : খুলনায় হাত এবং পা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২৩ মে শুক্রবার ভোর ৫ টার দিকে খুলনা মহানগরীর লবণচরা থানাধীন শিপইয়ার্ড এলাকা থেকে উক্ত যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

মরদেহ উদ্ধারের সংবাদ শুনে কেএমপি’র উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। মরদেহের পরিচয় শনাক্ত করণে সিআইডি এবং পিবিআইয়ে’র বিশেষ টিম কাজ করছে বলে জানা গেছে ।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায় , লবণচরা থানাধীন শিপইয়ার্ড মেইন গেটের সামনে হাজী মোঃ মোশারফ হোসেনের বাড়ির ভাড়াটিয়া আশরাফুল ইসলাম ভোর ৫ টার দিকে কুকুরের ডাকে ঘুম ভেঙে যায়। এ সময়ে তিনি উক্ত বাড়ির পেছনের পশ্চিম দিকে তাকিয়ে দেখেন হাত-পা বাধা এবং মাথা ও মুখ মন্ডল পলিথিন দিয়ে মোড়ানো অবস্থায় একটি লাশ পড়ে থাকতে দেখে বিষয়টি লবণচরা থানাকে অবগত করেন।

পরবর্তীতে থানা পুলিশ বিষয়টি অবগত করলে উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে তারা অজ্ঞাত উক্ত যুবকের মরদেহ নিয়ে যান।

লবণচরা থানার এসআই মো. জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। যুবকটির বয়স আনুমানিক ২৭ বছর। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। হাত এবং পা বেঁধে তাকে প্রথমে জখম করা হয়। পরবর্তীতে তার মৃত্যু নিশ্চিত করার জন্য দুর্বৃত্তরা পলিথিন মুড়িয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত মৃত যুবকের পরিচয় জানা যায়নি। মৃত যুবকের পরণে নীল রংয়ের জিন্স প্যান্ট এবং সবুজ রংয়ের টি শার্ট পরা ছিল বলে জানা গেছে।

এই বিভাগের আরও সংবাদ